স্টাফ রিপোর্টার \ চাকরির প্রলোভন দেখিয়ে গ্রমের সহজ সরল নিরীহ বেকার যুবকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
চক্রটি রাজধানীর উত্তরায় নারী ও শিশু কল্যান কেন্দ্র নামে একটি অফিস খুলে চাকরি দেয়ার নামে প্রতারণার আশ্রয় নেয়। তারা বিভিন্ন জেলার শিক্ষিত ও বেকার যুবকদের চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে চাকরির জামানত বাবদ মোটা অঙ্কের টাকা জমা নিত। চাকরী প্রার্থীদের নিকট থেকে কখনো প্রশিক্ষন, ল্যাপটপ কিংবা মোটর সাইকেল দেয়ার নাম করে অগ্রীম মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় প্রতারকরা।
বুধবার সকালে সিআইডি হেডকোর্য়াটারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ।

তিনি জানান, প্রতারনার বিষয়ে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) তে একটি অভিযোগ আসে। অভিযোগের প্রাথমিক অনুসন্ধান করতে গিয়ে জানা যায়, সারা বাংলাদেশে অসংখ্য বেকার চাকরি প্রার্থীরা এই চক্রের মাধ্যমে প্রতারিত হয়েছে। পরবর্তীতে সাইবার মনিটরিং টিমের একটি চৌকস দল মঙ্গলবার রাতে ঢাকার দক্ষিণখানের আশকোনা এলাকা থেকে প্রতারক চক্রের মূলহোতা মোঃ মজিবুর রহমান (৪২) ও তার দুই নারী সহযোগী লাবনী আক্তার (২৩) ও জান্নাতুল ফেরদৌস ময়না (২০) দের গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে ১৪টি মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির ৬০ টি সিম কার্ড, চাকরি প্রার্থীদের নিকট থেকে পাওয়া ৪০টি জাতীয় পরিচয়পত্র, ১৪৮টি বায়োডাটা ও ৩০ এর অধিক ভুইঁফোর কোম্পানীর ও এনজিওর নামে করা নিয়োগপত্র ও রাবার স্ট্যাম্প সিল জব্দ করে সিআইডি।
পুলিশ সুপার রেজাউল মাসুদ আরও জানান, জিজ্ঞাসাবাদে আসামী মোঃ মজিবুর রহমান তার অন্যান্য সহযোগীদের যোগসাজশে গত ৫ বছরে প্রায় ১ কোটি ৮৭ লক্ষ টাকা আত্বসাৎ করার কথা স্বীকার করেছে। সে একই ধরণের প্রতারণার অভিযোগে এর আগে ২০১৮ সালে একাধিকবার গ্রেফতার হয়। পরবর্তীতে জামিনে বের হয়ে এসে পুণরায় একই কাজ লিপ্ত হয়। তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানার মামলা দায়ের করা হয়েছে।








