স্টাফ রিপোর্টার – চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটে রেললাইনের পাশে একটি পুরনো টায়ারের গোডাউনে আগুন লেগেছে। শনিবার (২৯ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগায় সারা দেশের সঙ্গে চট্টগ্রামের ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট চেষ্টা চালিয়ে নগরীর দেওয়ানহাটের ওই টায়ারের গোডাউনের আগুন নিয়ন্ত্রণ করে। পরে স্বাভাবিক হয় রেল যোগাযোগ।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মী মো. সাজাহান জানান, দুপুর পৌনে ১টার দিকে নগরীর দেওয়ানহাটে ওই টায়ারের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মী। ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে স্থানীয় জনতা আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন।
এদিকে রেললাইনের পাশে ওই গোডাউনে আগুন লাগায় সারা দেশের সঙ্গে রেল চলাচল বন্ধ রয়েছে বলে জানান চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার জাফর আলম। তিনি জানান, আগুনের কারণে ঢাকা থেকে আসা সোনার বাংলা ট্রেন স্টেশনে ঢুকতে পারেনি। এছাড়া মার্শাল ইয়ার্ড থেকে আসা বিজয় ও মহানগর এক্সপ্রেসও আটকা পড়েছে। আগুন নেভানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
আগুনের তীব্রতায় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের কুণ্ডলী ও কালো ধোঁয়া অনেক উপর উঠে যায়। গোডাউনের আশপাশে ভিড় করেছে উৎসুক জনতা। আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, পুরোনো টায়ারের গোডাউনে আগুন লেগেছে। আগুনের তীব্রতার কারণে আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে।








