,

দেশে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে- পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশে চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত করতে হবে। আমাদের দেশে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে মানুষকে আর বিদেশে যেতে হবে না।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সিলেটে একটি বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ইম্পেরিয়াল হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে প্রতি বছর কয়েক লাখ লোক ভারতসহ বিভিন্ন দেশে যায়। গত বছর এ সংখ্যা ছিল প্রায় ২৮ লাখ।

নগরের নাইওরপুলস্থ হাসপাতালের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা খাতে সিলেটের অনেক সম্ভাবনা রয়েছে। ভৌগলিক কারণে ভারতের সেভেন সিস্টারখ্যাত সাতটি রাজ্যে আমাদের ব্যবসা-বাণিজ্য ও সেবা প্রদানের অনেক সুযোগ রয়েছে। এখন সিলেটসহ সারা দেশ থেকে অনেক মানুষ উন্নত চিকিৎসার জন্য ভারতে যায়। সিলেটে স্বাস্থ্যসেবা খাতের মান উন্নত করা গেলে ভারতের সেভেন সিস্টার থেকে রোগীরা এ অঞ্চলে সেবা নিতে আসবেন। সারা দেশের লোকজনেরও বিদেশমুখী প্রবণতা কমবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে উন্নত স্বাস্থ্যসেবা দিতে বদ্ধপরিকর। আমাদের দেশে অনেক মেধাবী চিকিৎসক রয়েছেন। যারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সাথে কাজ করছেন। নিজের দেশে উন্নত সেবা দিতে পারলে দেশের সুনাম বাড়বে, খরচও কম লাগবে।

উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে সিলেট ইম্পেরিয়াল হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ মতিন, ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মুসা মোহাম্মদ আব্দুল কাইয়ুম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সোলায়মান আহসান তানভীর এবং প্রতিষ্ঠানটির পরিচালক এবং এমএমএস গ্লোবাল সার্ভিসেস-এর প্রধান সৈয়দ মাহমুদ মুসা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের অতিরিক্ত পরিচালক সৈয়দ মোহাম্মদ মুসা। স্টাফ রিপোর্টার- তুরস্ক চাইলে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকা বিনির্মাণে বাংলাদেশ থেকে জনবল পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে ফোনে কথা হয়। ওরা (তুরস্ক) বলেছে যে, এখনও তো বহু মরদেহ নিচে রয়ে গেছে। উদ্ধারকাজ চলছে। তারা বলেছেন, পরবর্তীতে রিকনস্ট্রাকশন (পুনরায় নির্মাণ) করব। আমরা বলেছি, তোমরা যদি বাড়িঘর বানাতে চাও, লেবারের যদি দরকার হয়, আমাদের লেবার আমরা দিতে পারব। তারা বলছেন, লুকিং টু ইট। তাদের অবশ্য কনস্ট্রাকশনের লোক আছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তারা (তুরস্ক) আমাদের প্রশংসা করে বলেছেন যে, সঠিক সময়ে আমাদের লোকজন সেখানে গেছে। আর বলছিল যে, আমাদের লোকজন (উদ্ধারকাজে সহায়তা করতে যাওয়া) আরও কিছুদিন সেখানে থাকতে পারবে কি না? প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা এক্সটেনশন (বৃদ্ধি) করেছেন।

বাংলাদেশের ২৫ শিক্ষার্থী তুরস্কে রয়েছে। ভূমিকম্পে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সরকারের পক্ষ থেকে অর্থিক সহযোগিতা করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের কাহারমানমারাস শহরে ভূমিকম্প আঘাত হানে, যা তুরস্ক ও সিরিয়া সীমান্তের বিশাল একটি এলাকাকে কাঁপিয়ে দিয়েছে। শক্তিশালী ৭.৮ ও ৭.৬ মাত্রার দুই ভূমিকম্পের ঘটনা ১১ দিনে গড়িয়েছে। তবে উদ্ধার অভিযান এখনও চলছে। সবশেষ পাওয়া খবরে গত বৃহস্পতিবার বিকেল পর্যন্ত দুই দেশে মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ