স্টাফ রির্পোটার- আজ রবিবার মহাসপ্তমী। দুর্গাপুজার উৎসবে এই দিনটি খুবই উল্লেখযোগ্য। ষষ্ঠীতে দেবীর বোধনের পর সপ্তমীতে মহাপুজা হয় দুর্গার। বিভিন্ন বাড়ি ও মন্ডপের পুজায় এদিনের জন্য বিশেষ আয়োজন করতে হয়। দেবী দুর্গা, মহিষাসুরকে বধ করেছিলেন, এজন্যেই সনাতন ধর্ম্বালবীরা বিশ্বাস করেন যে, এই উৎসব সকল অপশক্তির বিনাশ করে শুভশক্তির উদয় হয়।
এদিকে দূর্গাপূজা উপলক্ষে সারাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন এবং মন্ডপের প্রবেশপথে হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে গেট স্থাপন করা হয়েছে। মণ্ডপে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগের পাশাপাশি সার্বক্ষনিক আনসার নিয়োগ দেয়া হয়েছে। নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও বহিঃগমন পথের ব্যবস্থা রাখা হয়েছে। মণ্ডপ ও বিসর্জনস্থলে পর্যাপ্ত ফালাড লাইটের ব্যাবস্থা করা হয়েছে। স্ট্যান্ডবাই জেনারেটর রাখা হয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা-৯৯৯-এ কল করার জন্যও পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও রাজধানী ঢাকাসহ সারাদেশের প্রতিটি পূজামন্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, বিজিবি, র্যাবসহ অন্যান্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে। এবারের নিরাপত্বায় পোশাকের পাশাপাশি বিপুল সংখ্যক সাদা পোশাকে পুলিশ সদস্য নিরাপত্বা নিশ্চিতের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি গোয়েন্দা নজরদারীও বৃদ্ধি করা হয়েছে। ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গনে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
রবিবার বিকেলে ডিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলাম রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সার্বিক নিরাপত্বা পরিদর্শনে যাবেন।
আগামী সোমবার মহাঅষ্টমীর পুজা অনুষ্ঠিত হবে সকাল ৯টা ৩০ মিনিটে এবং বেলা ১১টায় অনুষ্ঠিত হবে কুমারী পূজা। সন্ধিপূজা শুরু হবে বিকেল ৪টা ৪৪ মিনিটে আর সমাপন বিকেল ৫টা ৩২ মিনিটে।
নবমী পূজা শুরু হবে মঙ্গলবার সকাল ৬টা ৩০ মিনিটে, পুষ্পাঞ্জলি সকাল ১০টা ৩০ মিনিটে। পরদিন বুধবার সকাল ৬টা ৩০ মিনিটে দশমী পূজা আরম্ভ, পুস্পাঞ্জলি সকাল ৮টায় এবং পূজা সমাপন ও দর্পণ বিসর্জন হবে সকাল ৮টা ৫০ মিনিটের মধ্যে। সন্ধ্যা-আরাত্রিকের পর প্রতিমা বিসর্জন ও শান্তিজল গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসবের।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার জানান, সারাদেশে এ বছর ৩২ হাজার ১৬৮টি মন্ডপে দুর্গাপূজা উদযাপন হবে। গত বছর সারাদেশে দুর্গাপূজার সংখ্যা ছিল ৩২ হাজার ১১৮টি। সে তুলনায় এবার মন্ডপের সংখ্যা বেড়েছে ৫০টি। ঢাকা মহানগরে পুজা মন্ডপের সংখ্যা ২৪১টি, যা গত বছরের থেকে ছয়টি বেশি।
দুর্গাপূজা উপলক্ষে রাজধানীতে কেন্দ্রীয় পূজা উৎসব হিসেবে পরিচিত ঢাকেশ্বরী জাতীয় মন্দির মন্ডপে পূজার পাশাপাশি ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, বজ্র বিতরণ, মহাপ্রসাদ বিতরণ, আরতি প্রতিযোগিতা, স্বেচা রক্তদান ও বিজয়া শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।








