,
দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ

বিএনপির প্রতিষ্ঠাবাষির্কীর র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত

স্টাফ রিপোর্টার- বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অয়োজিত বিভিন্ন কর্মসূচীতে নেতা-কর্মীদের সাথে পুলিশে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় একজন নিহতের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকাল থেকে জেলায় জেলায় বিএনপি দলীয় কার্যালয়ের সামনে হাজির হতে শুরু করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দরা। এরপর নেতাকর্মীরা একত্রিত হয়ে মিছিল বের করলে মিছিলে বাধা দেয় পুলিশ।এ সময়মিছিল থেকে পুলিশকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশের সাথে সংঘর্ষ বাধেঁ। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে  মানিকগন্জ,নারায়নগন্জ, নেত্রকোনা, রংপুর সহ বেশ কয়েকটি জেলায় সংঘর্ষের খবর পাওয়া গেছে।

মানিকগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টাধাওয়ায় পুলিশ, সাংবাদিকসহ বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। পরে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শহরের খালপাড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। মানিকগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে বেলা ১১টার দিকে আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি। এজন্য নেতাকর্মীরা শহরের আশপাশে অবস্থান নিয়ে দলীয় কার্যালয়ে আসার প্রস্তুতি নেন। সকাল ১০টায় শহরের খালপাড় এলকায় পুলিশ ও শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী অবস্থান নেন। এ সময় পুলিশের সামনেই ছাত্রলীগ নেতাকর্মীরা কয়েকজনকে মারপিট করে। এরপর কিছুক্ষণ অবস্থানের পর ছাত্রলীগ নেতাকর্মীরা এলাকা ছেড়ে চলে যায়। বেলা ১১টার দিকে শহরের সেওতা এলাকা থেকে বিএনপির কয়েকশ নেতাকর্মী মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে যাওয়ার সময় খালপাড় মোড়ে পুলিশ বাধা দেয়। পুলিশি বাধা উপেক্ষা করে বিএনপির মিছিল এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মিছিলের পেছন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে।

বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রথমে লাঠিপেটা পরে টিয়ারশেল নিক্ষেপ করে। সেওতা শহীদ তুজ সড়কে পূর্ব পাশে পুলিশ ও উত্তরপাশে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেন। বিএনপি নেতাকর্মীদের ছোড়া ইটপাটকেল ও লাঠির আঘাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফসহ দুই পুলিশ সদস্য, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি আরএস মঞ্জুর রহমান, বাংলা নিউজের জেলা প্রতিনিধি সাজেদুর রহমান রাসেল আহত হন। পুলিশের টিয়ারশেল ও লাঠি পেটায় আহত হন বেশ কয়েকজন নেতাকর্মী। পরে দুপুর ১২টার দিকে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে চলে গেলে পরিস্থিতি শান্ত হয়।

এদিকে নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিতে শাওন (২০) নামে একজন নিহতের খবর পাওয়া গেছে। তবে তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন কিনা তার সঠিক তথ্য জানা যায়নি। নারায়ণগঞ্জ সদর হাসপাতালে মরদেহ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নাজমুল হোসেন। জানা গেছে, নিহত শাওন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বাবার নাম শাহেদ আলী। সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক মানুষ।

এছাড়াও নেত্রকোনায় বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে ১২ পুলিশসহ অন্তত ৩২ জন আহত হয়েছেন। সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের ছোটবাজার এলাকায় বিএনপি দলীয় কার্যালয়ের সামনে প্রধান সড়কে এই ঘটনা ঘটে। এরপর শহরের ২নং রেলগেট এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।  জানা গেছে, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ।

অপরদিকে রংপুরে পুলিশের ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করে বিএনপি নেতাকর্মীরা। এসময় পুলিশের লাঠিচার্জে আহত হয়েছে অন্তত ১০ জন।বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে দলীয় নেতাকর্মীদের হট্টগোল হয়। এতে পুলিশ এবং মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ বেশকয়েকজন আহত হন। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন নেতাকর্মীরা।

দুপুর ১টার দিকে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে জাহাজ কোম্পানি মোড়ের দিকে এগিয়ে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় নেতাকর্মীরা ব্যারিকেড উপেক্ষা করে এগোতে থাকলে পুলিশের সঙ্গে হট্টগোল হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। পরে গ্র্যান্ড হোটেল মোড়ে সমাবেশ করেন নেতাকর্মীরা।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উর্ধতন কর্মকর্তারা জানিয়েছেন  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করার সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হন। এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ