স্টাফ রিপোর্টার- ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করা চারটি ট্রেনের শিডিউল বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। সংস্থাটি জানায়, টানা বৃষ্টির কারণে এ রুটের কয়েকটি জায়গায় রেললাইন পানির নিচে তলিয়ে গেছে। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আফসার উদ্দিন।
কমলাপুর রেলস্টেশন সূত্র জানায়, বুধবার সকালে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ রুটে চলাচল করা ১১১, ১১২, ১১৩ এবং ১১৪ নম্বর ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে। এরমধ্যে নারায়ণগঞ্জ কমিউটার ২ (১১২) ঢাকা থেকে ভোর সাড়ে ৫টায় এবং নারায়ণগঞ্জ কমিউটার ৪ (১১৪) ঢাকা থেকে দুপুর ১টা ৪৫ মিনিটে ছাড়ার শিডিউল নির্ধারিত সময় ছিল।
আবার নারায়ণগঞ্জ কমিউটার ১ (১১১) নারায়ণগঞ্জ থেকে সকাল সাড়ে ৬টায় এবং নারায়ণগঞ্জ কমিউটার ৩ (১১৩) নারায়ণগঞ্জ থেকে বিকেল ৩টায় ছাড়ার কথা ছিল।
তবে নামপ্রকাশে অনিচ্ছুক রেলস্টেশনের এক কর্মকর্তা বলেন, বৃষ্টির পানিতে বিভিন্ন জায়গায় রেললাইন ডুবে যাওয়ায় ওই চারটি ট্রেনের সিডিউল বাতিল করা হয়েছে। বিকেলে পানি কমলে আবার ট্রেন চলাচল শুরু হবে।








