স্টাফ রিপোর্টার \ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট মিঠুন বিশ্বাস এ আইনি নোটিশ পাঠান।
আইনি নোটিশ হাতে পাওয়ার সাত দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা বলা হয়। তিনি যদি তা না করেন তাহলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
আইনি নোটিশে আরো বলা হয়, নোবেল তার ভেরিফায়েড ফেসবুক পেজ ‘নোবেলম্যান” থেকে গত ১০ ও ১১ আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বানোয়াট, বিদ্বেষপূর্ণ, ভিত্তিহীন মন্তব্য করে ২টি পোস্ট করেন। এসব পোস্ট সর্বস্তরের মানুষের অনুভূতিতে আঘাত করেছে। এ ধরনের ঘটনা দেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ।








