,
মাসজুড়ে বাজার মনিটরিং করবে ডিএনসিসি

রমজানে পন্যের দাম বেশি রাখলে দোকান বন্ধ করে দেয়া হবে- মেয়র আতিক

স্টাফ রিপোর্টার- ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, আসন্ন মাহে রমজান মাসে নির্ধারিত মূল্যের বেশি মূল্যে পণ্য বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও প্রতিটি দোকানে প্রকাশ্যে মূল্য তালিকা বাধ্যতামূলক টানিয়ে রাখাতে হবে।

মেয়র আরও বলেন, রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য জনসাধারনের অবগতির জন্য ডিএনসিসির সাতটি মার্কেটে মূল্য তালিকাসহ  প্রতিটি (১০x৬) ফুট সাইজের ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করে দেয়া হবে। এর বাইরে যদি কেউ দাম বেশি রাখার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বুধবার দুপুরে গুলশানস্থ ডিএনসিসি’র নগর ভবনে রমজান মাসে অত্যাবশকীয় পণ্যসামগ্রীর মূল্য স্থিতিশীল রাখা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ স্বভাবিক রাখা এবং বাজার মনিটরিংসহ অন্যান্য বিষয়ে মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম এসব কথা বলেন।

সভায় অত্যাবশকীয় পণ্যসামগ্রীর মূল্য স্থিতিশীল রাখা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ স্বভাবিক রাখতে কঠোর মনিটরিংয়ের নির্দেশনা দেন ডিএনসিসি মেয়র।

এসময় মেয়র জানান, বিশ্বের সকল দেশে দেখেছি অন্য সময়ের তুলনায় বিভিন্ন উৎসবে বিশেষ করে ধর্মীয় উৎসবের সময় পণ্যদ্রব্যের দাম কমে যায়। কিন্তু আমাদের দেশে দেখা যায় উল্টো চিত্র। কিন্তু এ বছর রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের অহেতুক দাম বাড়ানো চলবে না।

ডিএনসিসির সব বাজারে নজরদারি আরও জোরদার করা হবে জানিয়ে মেয়র বলেন, কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলামকে আহবায়ক করে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে একটি বাজার মনিটরিং কমিটি করবে। পুরো রমজান মাস জুড়ে এই কমিটি বাজারগুলো মনিটরিংয়ে রাখবে। রমজানে জনগণের যেন কোন ভোগান্তি না হয় সেটি নিশ্চিত করতে হবে।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে মেয়র বলেন, আমি ব্যবসায়ী ভাইদের কাছ থেকে সহযোগিতা চাই। আপনারা দয়া করে ভেজালমুক্ত, সঠিক ওজন ও টাটকা পণ্য সরবরাহ করবেন।

ভোক্তারা যেন অভিযোগ জানাতে পারে সেজন্য ডিসপ্লে বোর্ডে মোবাইল নাম্বার প্রদর্শন করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন ডিএনসিসি মেয়র। ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তাদেরও সচেতন হওয়ার আহবান করেন তিনি।

বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করা, বাজারে প্রবেশের ও প্রস্থানের রাস্তাগুলোতে মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার নির্দেশ দেন মেয়র।

এসময় বিভিন্ন মার্কেট থেকে আগত ব্যবসায়ী প্রতিনিধিরা ভেজালমুক্ত পণ্য বিক্রয়ে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা কমিটির পক্ষ থেকেও দ্রব্যমূল্য ও বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়মিত মনিটরিং করার কথা জানান।

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহঃ আমিরুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম, প্রধান রাজস্ব কর্মকর্তা আ. ন. ম তরিকুল ইসলাম, ৩২নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম, সকল আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডিএনসিসির মালিকানাধীন মার্কেট ও কাঁচা বাজারের ব্যবসায়ীদের সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ