স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান খেলতে নামলেই যেন রেকর্ড আর রেকর্ড হচ্ছে। এবার যেমন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি২০তে অসাধারণ ব্যাটিং নৈপুন্য দেখিয়ে বিশ্বরেকর্ডই গড়ে ফেললেন। বিশ্বে প্রথম ক্রিকেটার হিসেবে ২ হাজার রান ও ১০০ উইকেট শিকারের কৃতিত্ব গড়লেন সাকিব। কিন্তু সাকিবের এমনদিনেও বাংলাদেশ হার থেকে মুক্ত হতে পারল না। ডমিনিকায় উইন্ডসোর পার্ক স্টেডিয়ামে দ্বিতীয় টি২০তে ৩৫ রানে হেরে গেল বাংলাদেশ। তাতে করে তিন ম্যাচের টি২০ সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ল বাংলাদেশ। প্রথম টি২০ বৃষ্টিতে পন্ড হয়েছে। বৃহস্পতিবার গায়ানায় তৃতীয় ও শেষ টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে।
ম্যাচটিতে বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান করেন সাকিব। অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলেছেন। ৫২ বলে ৫ চার ও ৩ ছক্কায় এই রান করেছেন সাকিব। এই রান করে টি২০তে ২ হাজার রানও (২০০৫ রান) করে ফেলেছেন সাকিব। আর এখানেই একটি বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন। সাকিবের শিকারে আছে টি২০তে ১০০ (১২০) উইকেটের বেশি। টি২০তে ২ হাজার রান ও ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব শুধু সাকিবেরই হলো। সাকিবের এমন কৃতিত্বের কাছে আছেন শুধু পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। তিনি ২৫১৪ রানের সঙ্গে ৬১টি উইকেট নিয়েছিলেন।
এমন দিনে বাংলাদেশ টস হেরে ১৯৪ রানের টার্গেটে খেলতে নেমে ৬ উইকেটে ১৫৮ রানের বেশি করতে পারেনি। আগে ব্যাটিং করে রোভম্যান পাওয়েলের অপরাজিত ৬১, ব্রেন্ডন কিংয়ের ৫৭ ও নিকোলাস পুরানের ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। শরিফুল ইসলাম সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন। জবাবে সাকিবের অপরাজিত ৬৮ ও আফিফ হোসেন ধ্রুবর ৩৪ রানেও ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় উইকেটে পুরান ও কিং ৭৪ রানের এবং চতুর্থ উইকেটে কিং ও পাওয়েল মিলে ৬৩ রানের জুটি গড়েন। এই দুই জুটিই বড় পার্থক্য গড়ে দেয়। সেখানে বাংলাদেশের চতুর্থ উইকেটে সাকিব ও আফিফ মিলে ৫৫ রানের এবং ষষ্ঠ উইকেটে সাকিব ও মোসাদ্দেক হোসেন সৈকতের ৫৩ রানের জুটি হয়। দুই দলেরই দুটি বড় জুটি হয়।
শুরুতে দুই দলেরই অবস্থা খারাপ থাকে। ওয়েস্ট ইন্ডিজের ২ উইকেট ২৬ রানে পড়ে। বাংলাদেশের ৩ উইকেট পড়ে ২৩ রানে। তবে ম্যাচ সেরা পাওয়েল মনে করছেন ১৬তম ওভারে সাকিবের এক ওভারে যে ২৩ রান আসে, সেখানেই ম্যাচের মোড় ঘুরে যায়। ১৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৩ উইকেটে ১১৯। সেখান থেকে শেষ ৫ ওভারে পাওয়েল-কিংসের ঝড়ে এসেছে ৭৪ রান। সাকিবের ওভারটিতেই যে ৬, ৪, ৬, ৬ হাকান ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা, এখান থেকেই আসল মোমেন্টাম পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। পরের ওভারে তাসকিনকে দুটি ছক্কা ও একটি চার মেরেছেন পাওয়েল। শেষ ওভারে শরিফুলকে দুই ছক্কা হাকানো হয়।
বাংলাদেশের এমন পাওয়ার হিটার দেখার মিলেনি। সাকিব যে এত রান করেছেন, তাও করতে পারতেন না। যদি শুরুতে সাকিবের ক্যাচ মিস না হতো।এক সাকিবই শেষপর্যন্ত যা লড়াই করতে পেরেছেন। এখন তৃতীয় ও শেষ টি২০তে যদি বাংলাদেশ না জিতে, তাহলে টি২০ সিরিজ হারও হয়ে যাবে। সাকিবের রেকর্ডের দিনে বাংলাদেশ হেরেছে। সামনের টি২০ এখন মহা গুরুত্বপুর্ন হয়ে উঠেছে। সিরিজ হার এড়াতে হলে যে জয়ের কোন বিকল্প পথ খোলা নেই বাংলাদেশের।








