,

অস্তিত্ব রক্ষা করতেই নির্বাচনে অংশ নেবে বিএনপি : ওবায়দুল কাদের

বিদেশিদের কাছে নালিশ আর প্রকাশ্যে দূতাবাসে সাহায্য চাওয়া বিএনপির মেরুদণ্ডহীন রাজনীতির বহিঃপ্রকাশ - কাদের

স্টাফ রিপোর্টার : অস্তিত্ব রক্ষা করতেই নির্বাচনে অংশ নেবে বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই, বিএনপি নেতাদের এমন বক্তব্য হাস্যকর। বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্গত হাজারীবাগ থানার ১৪ ও ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তার বাসভবনে থেকে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আহ্বান জানান, রিমোট কন্ট্রোলের ডাকা আন্দোলনে জনগণ সাড়া দেবে না, সাহস থাকলে দেশে এসে আন্দোলন করুন।

ওবায়দুল কাদের বলেন, দেশ ভালো থাকলে বিএনপি নেতাদের মন কেন খারাপ হয়। জনগণের প্রতি আস্থা রাখুন, নির্বাচনে অংশ নিন, নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হবে।

দেশে বিদ্যুৎ ও জ্বালানির অভাব নেই, যতটুকু আছে তা অচিরেই সমাধান হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন।

দেশ ভালো থাকলে বিএনপি নেতাদের মন কেন খারাপ হয়? তা জানতে চেয়ে কাদের বলেন, জনগণের প্রতি আস্থা রাখুন, নির্বাচনে অংশ নিন, নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হবে। শেষ পর্যন্ত বিএনপি তাদের অস্তিত্ব ও দলকে রক্ষা করতেই নির্বাচনে অংশ নেবে।

বিএনপি মহাসচিবের উদ্দেশে কাদের বলেন, ১৩ বছরে বোঝেননি? কত ডাক দিলেন, রোজার ঈদ, কোরবানির ঈদ, পরীক্ষার পর; আপনাদের ডাকে জনগণ কী সাড়া দিয়েছে। রিমোট কন্ট্রোলে ডাকা আন্দোলন এ দেশে হবে না। আন্দোলন যদি করতে চান, আপনাদের নেতাকে বলেন, সৎ সাহস থাকলে মাঠে আসুন, মাঠে মোকাবিলা হবে। খেলা হবে। সেখানেই দেখা যাবে জনগণ কার সঙ্গে আছে। আপনারা ব্যর্থতা দেখেন যারা এ দেশে ক্ষমতার রাজনীতিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। আমি বুঝি না, দেশ ভালো থাকলে একটা রাজনৈতিক দলের নেতাদের মন কেন খারাপ হয়! এ প্রশ্নের উত্তরটা আমি জানতে চাই। আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ এবং সুশৃঙ্খল রাখতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

হাজারীবাগ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোহাম্মদ সেলিম আহমেদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির এবং সংসদ সদস্য (এমপি) নুরুল আমিন রুহুল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ