,

আওয়ামী লীগ যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে – প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে - প্রধানমন্ত্রী

মিথুন আশরাফ – প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ যে প্রতিশ্রুতি দেয়, তা পাল করে। শনিবার সকালে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতি নিয়ে যারা কথা বলেন, তাদের অনেকে নিজেরাই দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ১৪ বছরে মানুষের জীবনযাত্রা ও অবকাঠামোখাতে ব্যাপক পরিবর্তন এনেছে সরকার; যা অনেকেই স্বীকার করতে চান না। করোনার পরে বিশ্বমন্দার মাঝে মানুষের জীবনযাত্রা সহজ করতে সরকার ভর্তুকি দিচ্ছে। নিজের পায়ে দাঁড়ানোর কথা চিন্তা করতে হবে। মন্দার কারণে সরকার অনেক হিসাব-নিকাশ করে চলছে।

প্রধানমন্ত্রী দাবি করেন, আওয়ামী লীগ যে প্রতিশ্রুতি দেয়, তা পালন করে। প্রতিশ্রুতি দিয়ে কাজ করা হচ্ছে বলেই জনগণ তার সুফল পাচ্ছে। বর্তমান সরকার ছাড়া আর কোনো সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করেছে কি না, তা জানা নেই আমার। আর ক্ষমতায় এসে গবেষণায় জোর দেয়ার ফলেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে দেশ বলেও সভায় মন্তব্য করেন শেখ হাসিনা।

সরকারপ্রধান জানান, দেশে এতো কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে যাতে কারো বেকার থাকার সুযোগ নেই। সবাইকে নিজের পায়ে দাঁড়ানোর কথা চিন্তা করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দুর্নীতির কথা শুধু মুখে মুখে বললে তো হবে না। এমন এমন লোকজনের কাছ থেকে শুনতে হচ্ছে, যারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত। গরীব মানুষের টাকা দিয়েই কিন্তু দেশে নাম-টাম করে কিন্তু প্রচুর অর্থসম্পদের মালিক হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে বিনিয়োগও করে ফেলেছেন, এই টাকাগুলো কোথা থেকে এগুলো তো গরীবের রক্তচোষা টাকা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুর্নীতি নিয়ে যে কথা বলে, আমি তো পার্লামেন্টে বলেছি, কোথায় দুর্নীতি হচ্ছে আমাকে তথ্য দেন। আমি ব্যবস্থা নেব। যাদের আমলে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে অথবা কেউ বলতে গেলে ওই ক্ষুদ্রঋণের ব্যবসা করতে যেয়ে গরিব মানুষের উপর এমন চাপ যে, সুদ দিতে দিতে তাদের অনেক সময় বাড়িঘর ছেড়ে এলাকা থেকে চলে যেতে হয়েছে অথবা আত্মহত্যা করতে হয়েছে। এই গরীব মানুষের টাকা দিয়েই কিন্তু দেশে নাম-টাম করে কিন্তু বেশ ভালোই আছে এবং প্রচুর অর্থ সম্পদের মালিক। পৃথিবীর বিভিন্ন দেশে বিনিয়োগও করে ফেলেছেন এই টাকাগুলো কোথা থেকে এগুলো গরীবের রক্তচোষা টাকা, তো এটাতো বাস্তব কথা।

আওয়ামী লীগের যৌথসভায় প্রধানমন্ত্রী আরো বলেন, কোথায় দুর্নীতি হচ্ছে সে তথ্য দিলে ব্যবস্থা নেওয়া হবে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীসৌধে শ্রদ্ধা নিবেদন করে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, উপদেষ্টামণ্ডলী ও জাতীয় কমিটির যে যৌথ সভা মুলতবি করা হয়েছিলো, শনিবার তা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে হয়।

বর্তমান সময়েও বঙ্গবন্ধুর কথাগুলো কতটা তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রী, তা তুলে ধরেন ওই সময়ে জাতির পিতার করা উদ্ধৃতির মাধ্যমে। দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে সব সময়ই যে আওয়ামী লীগ কাজ করে তা আবারো স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জাতির পিতা যে স্বনির্ভরতার পথ দেখিয়েছিলেন, সেই পথেই হাঁটছে বর্তমান সরকার।
বিগত সময়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের কথা তুলে ধরে টানা তিনবারের প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা যা যা চেয়েছিলেন আমরা সেগুলো কিন্তু একে একে করে দিচ্ছি মানুষকে। তার যে স্বপ্নটা সেটাই বাস্তবায়ন করা আমাদের লক্ষ্য। এত কাজ করার পরেও কিছু লোক আছে তাদের কোনো কিছু ভালো লাগে না।

দেশে বেকার থাকার সুযোগ নেই মন্তব্য করে শেখ হাসিনা বলেন, আমরা কিন্তু আমাদের দেশের এক একটা সেক্টরকে ধরে ধরে আমাদের কর্মসূচি বাস্তবায়ন করার ফলে আজ আমরা দারিদ্র কমাতে পেরেছি। কর্মসংস্থান ব্যাপকভাবে বাড়াতে পেরেছি। এখন তো ওরকম কেউ ইচ্ছে করলে বেকার থাকতে পারে কিন্তু প্রকৃতপক্ষে বেকার থাকার কোনো সুযোগ নেই। কারণ আমরা এত সুযোগ সৃষ্টি করে দিয়েছি। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অনেক ছেলেমেয়ে কিন্তু এখন গ্রামে বসে টাকা উপার্জন করছে। এভাবে যত সুযোগ আছে আমরা করে দিয়েছি।

আওয়ামী লীগ ওয়াদা রক্ষা করে মন্তব্য করে দলটির সভাপতি শেখ হাসিনা বলেন, আমরা কথা দিয়েছি, যখনই নির্বাচনে ইশতেহার প্রতি বাজেটে নির্বাচনের ইশতেহার সামনে রেখে আমরা পরিকল্পনা নেই। পঞ্চবার্ষিকী পরিকল্পনা যখন করি সেখানেও আমাদের ঘোষণাপত্র, আমাদের নির্বাচনী ইশতেহার মাথায় রেখে, সামনে রেখেই আমরা কিন্তু করি। অর্থাৎ যে ওয়াদা জাতিকে দেই সেটা আমরা রক্ষা করি। আওয়ামী লীগ যেটা বলে মানুষের জন্য যে ওয়াদা করে, সে ওয়াদা আওয়ামী লীগ রক্ষা করে। এটা হল বাস্তবতা। আমি জানি না বাংলাদেশে আর কোনো সরকার এই ভাবে জনগণের কল্যাণে কাজ করেছে কিনা বলেও প্রশ্ন তোলেন সরকারপ্রধান শেখ হাসিনা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ