,

আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই : ওবায়দুল কাদের

নৈরাজ্য সৃষ্টি করে সরকার পরিবর্তনের দুঃস্বপ্ন দেখে লাভ নেই - কাদের

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেছেন, ‘আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই এ দল গড়ে উঠেছে। আওয়ামী লীগ ভালো করেই জানে কীভাবে আন্দোলন মোকাবিলা করতে হয় । রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি, আওয়ামী লীগ রাজপথে ছিল, আছে এবং থাকবে।’

রবিবার সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে বিএনপি মহাসচিবের নির্বাচনকালীন সরকার নিয়ে যে সংকটের কথা বলেছেন তার জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।  বিএনপির শান্তিপূর্ণ যে কোনো কর্মসূচিকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কিন্তু আন্দোলনের নামে সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণের জানমাল রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দিতে আওয়ামী লীগ প্রস্তুত।’

‘আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে’— বিএনপি মহাসচিবের এমন বক্তব্যে দেশের জনগণ হাসে বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘যে দল তাদের নেত্রীর মুক্তির জন্য রাজপথে একটা মিছিল পর্যন্ত করতে পারে না। তারা আবার আন্দোলন করে সরকারকে পদত্যাগে বাধ্য করবে, এমনটি জনগণ বিশ্বাস করে না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবারও স্পষ্ট করে বলেন, ‘সরকার নয়, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার দায়ে বিএনপি নেতাদের টপ টু বটম দল থেকে পদত্যাগ করা উচিত।’ রাষ্ট্রপতির আমন্ত্রণ ও নির্বাচন কমিশনের ডাকে সংলাপে না গিয়ে বিএনপি এবং তার মিত্ররা এখন নিজেদের মধ্যে সংলাপ করছেন, এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘এটি আসলে সংলাপ নয়, সংলাপের নামে ষড়যন্ত্র করছে বিএনপি।’

তিনি বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তি নিয়ে বিএনপির এ ধরনের ষড়যন্ত্র দেশপ্রেমী জনগণ কিছুতেই মেনে নেবে না। নির্বাচনকালীন সরকার নিয়ে দেশে কোনো সংকট নেই, সংকট আছে বিএনপিতে এবং তাদের নেতৃত্বে ও সিদ্ধান্তে। বিএনপি নেতাদের চাওয়া আর আবদারের কোনো শেষ নেই। তারা কখনো নিরপেক্ষ সরকার, কখনো নির্বাচনকালীন সরকার, আবার কখনো তত্বাবধায়ক সরকার এবং মাঝে মাঝে জাতীয় সরকার নিয়ে কথা বলেন। আসলে বিএনপি নেতারা কি চান তা তারা নিজেরাও জানেন না। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, সরকারের অধীনে নয়; সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচনকালে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে সরকার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন করে তত্ত্বাবধায়ক সরকারের যে কথা বলছেন, সেটি একটি মীমাংসিত বিষয়। সুতরাং এ নিয়ে নতুন করে আলোচনার কোনো সুযোগ নেই।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ