,

চাকরিতে প্রবেশের বয়সীমা পুনঃনির্ধারনের দাবিতে শাহবাগ অবরোধ, পুলিশের লাঠিচার্জ

স্টাফ রিপোর্টার- সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি ও বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করতে গেলে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এতে অন্তত ১০ জন আহত ও দুইজনকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।

শুক্রবার বিকেলে শাহবাগ মোড় অবরোধ করে চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম ও বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ ব্যানারে দুইটি সংগঠন।

আন্দোলনকারীরা রাস্তা অবরোধের চেষ্টা করলে বাঁধা দেয় পুলিশ। পরে পুলিশের নির্দেশনা অমান্য করে রাস্তায় নামলে পুলিশ আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ইতিপূর্বেও সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করা ও বেকারদের জন্য কর্মসংস্থানের দাবিতে রাজধানীতে সচিত্র প্রতিবাদ কর্মসূচি পালন করে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। কর্মসূচিতে সংগঠনের প্রধান সমন্বয়কারী এম এ আলী বলেন, বর্তমান বিশ্বের ১৬২ টির বেশি দেশে চাকরিতে নিয়োগের আবেদনের বয়সসীমা ৩৫ বছর রয়েছে।

আন্দোলনকারীদের দাবী, প্রচলিত নিয়ম অনুসারে ২৩ বছর বয়সে শিক্ষাজীবন শেষ হওয়ার কথা থাকলেও সমীকরণটি শুধুমাত্র কাগজে-কলমেই সীমাবদ্ধ রয়েছে। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাড়া ২৭ থেকে ২৮ বছরের আগে কোনো শিক্ষার্থীর স্নাতকোত্তর ডিগ্রি শেষ হয় না। এদিকে চাকরিতে অবসরের বয়সসীমা ৫৭ থেকে ৫৯ করা হলেও প্রবেশের বয়সসীমা বাড়ানো হয়নি।

তিনি বলেন, চাকরিতে প্রবেশের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা ৩৫ করা হোক। বিষয়টি আমরা বারবার বলে আসছি। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নির্দেশনা আসছে না। আমরা আশা করছি, সরকার আমাদের দাবি দ্রুত মেনে নেবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ