স্টাফ রিপোর্টার- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে বিএনপি আসবে না- এটা তাদের ইচ্ছা। কিন্তু নির্বাচন করতে দেবে না, রুখে দেবে সংকল্প করে। এমন হুমকিদাতাদের আমরাও দেখে নেব কারা নির্বাচন রুখে দেয়।
রবিবার রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের সম্পাদকমণ্ডলীর সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি ও তার দোসররা রাজনৈতিক ঝড় তুলে শেখ হাসিনার সরকারকে পতনের কথা বলছে। বাস্তবতা হচ্ছে কোনো আন্দোলন করা, ঝড় তোলার সামর্থ্য তাদের নেই বলেই আজ গলাবাজি করে নিজের অক্ষমতাকে ঢাকতে চাচ্ছে। কিন্তু আওয়ামী লীগ কচু পাতার ওপর ভোরের শিশির বিন্দু নয়। বিএনপির যেকোনো কূটকৌশল সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিদেশি দূতাবাসগুলোতে নালিশ করার প্রবণতা বিএনপির। দেশকে ছোট করে বিদেশিদের ইচ্ছায় বাংলাদেশে নির্বাচন হবে- এমন অবান্তর ধারণা নিয়ে আছে বিএনপি।
আগামী নির্বাচন শান্তিপূর্ণ করতে চান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা চাই দেশে শান্তির বাতাবরণ বিরাজ করুক। আজকে দেশ দুটি ধারায় বিভক্ত। একদিকে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনার ধারা, অপরদিকে সাম্প্রদায়িক ধারা- যার নেতৃত্ব দিচ্ছে বিএনপি।’
বিএনপির রাষ্ট্র মেরামতের কর্মসূচিতে মানুষ বিভ্রান্ত হয়নি উল্লেখ করে সেতুমন্ত্রী আরও বলেন, ‘আজ তাদের নেতাকর্মীরা বুঝে গেছেন মুখের গলাবাজি বাস্তবে মরিচিকা। আন্দোলনের পথরেখা থেকে নিজেরা সরে গেছেন। তাদের জোটে অনৈক্য। উইকেটের পতন ঘটছে। এখন ১৪/১৫টা দল আছে মনে হয়। তাদের নেতা নেই। নেতা ছাড়া আন্দোলন দুঃস্বপ্ন। কী কর্মসূচি দেবে তা ভেবে তারা দিশেহারা।’
নির্বাচন পর্যন্ত সারাদেশে নেতাকর্মীরা পাহারায় থাকবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তারা যতই হুমকি-ধামকি দিক, আমরা আমাদের কর্মসূচিতে অবিচল আছি। ২০১৩-১৪ সালের মতো তারা আগুন সন্ত্রাসের কূটকৌশল নিয়ে এগোতে পারে। কিন্তু আমরা সতর্ক আছি। বাংলাদেশে শান্তি বিনষ্টকারী কূটকৌশল প্রতিরোধে আমরা সতর্ক আছি।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আহমদ হোসেন, মির্জা আজম, বি এম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহ সম্পাদকমণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় মোখা’র সার্বিক বিষয়ে সরাসরি মনিটরিং করছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ঘূর্ণিঝড় মোখার বিষয়ে খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশাসনকে বিভিন্ন নির্দেশনাও দিচ্ছেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকারি ও বেসরকারিভাবে প্রস্তুতি ছিল। ঘূর্ণিঝড়ে কোনো ক্ষয়ক্ষতি না হোক আমরা সেটাই চাই।
এদিকে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার কেন্দ্র বাংলাদেশ উপকূল থেকে মাত্র ২৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে। তবে এর অগ্রভাগ কক্সবাজার উপকূল অতিক্রম করছে। ঝড়ের প্রভাবে এরই মধ্যে উপকূলে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সবশেষ ১৯ নম্বর বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, রোববার সকাল ৯টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩৩৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৪৩৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছিল।
মোখা বর্তমানে কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রমরত আছে। এটি আরও উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ বিকেল নাগাদ সিটুয়ের (মিয়ানমার) কাছ দিয়ে কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে।








