প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে। আমি বিশ্বাস করি, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলেই বাংলাদেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না।
বুধবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, মানুষ যাতে ভোট না দেয়, বিএনপি সেই চেষ্টা করেছে, লিফলেট বিতরণ করেছে। আমরা বাধা দেয়নি। মানুষ সব বাধা-বিপত্তি উপেক্ষা করে কেন্দ্রে এসে ভোট দিয়েছে।
তিনি বলেন, আমরা যখন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছি তখনই আমাদের নির্বাচন নিয়ে প্রশ্ন। আমার অবাক লাগে সামরিক একনায়করা যখন ভোট কারচুরি করে ক্ষমতায় এসেছিল, সেই নির্বাচন নিয়ে কেউ কথা বলে নাই।
সরকারপ্রধান বলেন, সব বাধা উপেক্ষা করে বাংলাদেশের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেছে, ভোট দিয়েছে। এজন্য আমি বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষের কোনো কিছু ছিল না। থাকার ঘর ছিল না, বাড়ি ছিল না। সেই জাতির জন্য, তাদের ভাগ্য গড়ার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবন উৎসর্গ করেন। অনেক সংগ্রাম ত্যাগের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন করেন তিনি।
এর আগে বিকাল ৪টার দিকে আওয়ামী লীগ সভাপতি সভামঞ্চে উপস্থিত হন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।








