স্টাফ রিপোর্টার – ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ ৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা হয়েছে। বুধবার ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস বাদী হয়ে এ মামলা করেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূর শুনানি শেষে মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করতে লালবাগ থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। মামলার অপর আসামিরা হলেন, নুঝাত ফারিয়া রোকসানা, মিম ইসলাম, নূর জাহান, ঋতু আক্তার, আনিকা তাবাসুম স্বর্ণা ও কামরুন নাহার জ্যোতি।
মামলায় অভিযোগ করা হয়, গত ২৪ সেপ্টেম্বর রাতে ইডেন ছাত্রলীগের সভাপতি রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার নির্দেশে রাত ১০টার সময় আসামি আনিকা তাবাসুম স্বর্ণাসহ অজ্ঞাত ৩-৪ জন দেশীয় অস্ত্রসহ বাদী জান্নাতুল ফেরদৌসের রুমে অনাধিকার প্রবেশ করে। অশালীন ভাষায় গালিগালাজ করে তাকে খুঁজতে থাকে। কিন্তু ওই সময় জান্নাতুলকে না পেয়ে তার আসবাবপত্র ভাঙচুর করে এবং তার ওয়ারড্রপে থাকা চিকিৎসার ২০ হাজার টাকা ও ব্যবহৃত ল্যাপটপ (মূল্য ৩৪ হাজার টাকা) চুরি করে নিয়ে যায়। রুমে বাকিদের জীবননাশের হুমকি দেয়।
খবর পেয়ে জান্নাতুল রুমে আসার পথে আয়শা হলের সামনে রিভা-রাজিয়াসহ ৮ আসামি তাকে ঘিরে ধরে। তারপর চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে ২নং গেটের গেস্ট রুমের পাশে নিয়ে আসে। এরপর সাংবাদিকের কাছে আসামিদের কু-কর্মের কথা বলার কারণ জিজ্ঞাসা করে তাকে গালিগালাজসহ এলোপাতাড়ি কিল-ঘুষি-লাথি মেরে তাকে রক্তাক্ত জখম করে। রিভা হকিস্টিক দিয়ে তাকে আঘাত করে। আর রাজিয়াসহ বাকি আসামিরা তার ওড়না খুলে নিয়ে হত্যার উদ্দেশ্যে গলায় পেঁচিয়ে দুদিক থেকে টান দেয়। জান্নাতুল মাটিতে লুটিয়ে পরলে মৃত ভেবে আসামিরা তাকে ছেড়ে যায়। পরে তার হাত থেকে ২০ হাজার টাকার রিয়েলমি ৭ প্রো, গলায় থাকা ৩৫ হাজার টাকার স্বর্ণের চেনসহ তার বোনের কাছ থেকে ১৮ হাজার টাকার রেডমি নোট ৭ ফোন নিয়ে নেয়। পরে খবর পেয়ে হলের দায়িত্বপ্রাপ্ত ম্যাডামরা জান্নাতুল ফেরদৌসকে উদ্ধার করে। তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয়। পরে ক্যাম্পাস না ছাড়লে তার জীবনে শেষ করে দিবে মর্মে হুমকি প্রদান করে।
এদিকে আকস্মিক বন্ধ ঘোষণা করা হয়েছে ইডেন মহিলা কলেজ। কলেজ কর্তৃপক্ষ ১ অক্টোবর থেকে বন্ধ ঘোষণা করেছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবাসিক ছাত্রীদের হল খালি করারও নির্দেশ দেয়া হয়েছে। আগামী ৮ অক্টোবর পর্যন্ত হলগুলোর সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
জানা যায়, আগামী ১ অক্টোবর থেকে দূর্গা পূজা, ঈদের মিলাদুন্নবী, লক্ষ্মী পূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি শুরু হয়ে তা ১০ অক্টোবর পর্যন্ত চলবে। সোমবার রাতে হল কর্তৃপক্ষ মাইকিং করে আবাসিক ছাত্রীদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছেন।
আবাসিক শিক্ষার্থীরা জানান, ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়ে মাইকিং করা হচ্ছে। ১ অক্টোবর থেকে পূজার ছুটি শুরু হচ্ছে। তাই ৩০ সেপ্টেম্বর থেকে হল ছাড়তে আবাসিক ছাত্রীদের নির্দেশ দেয়া হচ্ছে। ৮ অক্টোবর পর্যন্ত হল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। ছাত্রলীগের দুই গ্রুপের কোন্দলে গত শনিবার থেকে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস উত্তপ্ত। এসব ঘটনার জেরে সোমবার রাত পর্যন্ত ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে পুলিশ অবস্থান করছে।








