,

ইয়েমেনে অপহৃত বাংলাদেশির মুক্তির করুণ আকুতি

ইয়েমেনে অপহৃত বাংলাদেশির মুক্তির করুণ আকুতি

স্টাফ রিপোর্টার – ইয়েমেনে গত ফেব্রুয়ারি মাসে জাতিসংঘের ৫ কর্মকর্তা অপহৃত হন। এরমধ্যে একজন বাংলাদেশিও আছেন। তিনি বাংলাদেশি নাগরিক এ কে এম সুফিউল আনাম। পাঁচ কর্মকর্তাকে অপহরণ করেছে আল কায়দার একটি গ্রুপ। ইয়েমেনে অপহরণকারীদের হাত থেকে নিজেকে মুক্ত করতে আকুতি জানিয়েছেন এ কে এম সুফিউল আনাম। জাতিসংঘসহ বিভিন্ন পক্ষের কাছে এ আকুতি জানিয়েছেন সুফিউল। এক ভিডিও বার্তায় এ আকুতি জানান তিনি। বলেছেন, খুবই দুর্দশার মধ্যে রয়েছেন। অপহরণকারীদের দাবি মেনে না নিলে তাঁকে মেরে ফেলা হতে পারে। সুফিউলের ওই ভিডিও বার্তাটি প্রকাশ করে তাঁর অপহরণকারীরা। পরে গত শনিবার সেটি সামনে আনে বিশ্বব্যাপী জঙ্গিগোষ্ঠীগুলোর অনলাইন তৎ​পরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।

ইয়েমেনে জাতিসংঘের নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন সুফিউল। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি তাঁকে দেশটির আবইয়ান প্রদেশের মুদিয়াহ শহরের কাছ থেকে অপহরণ করা হয়। এরপর ছয় মাসের বেশি সময় পেরোলেও সন্ধান পাওয়া যায়নি সুফিউলের। ভিডিওতে সুফিউল জানিয়েছেন, তাঁকে অপহরণ করেছে জঙ্গি সংগঠন আল–কায়েদা। মুক্তির জন্য আকুতি জানিয়ে তিনি বলেন, ছয় মাস ধরে আমি কোথায় আটক আছি জানি না। আমার পরিবারও জানে না আমি কোথায় আছি। আমি যদি মারা যাই, আমার পরিবার জানতে পারবে না। আমি উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও আর্থ্রাইটিসের মতো জটিল সব রোগে ভুগছি। আমার জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া প্রয়োজন।

জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে আহ্বান জানিয়ে এই বাংলাদেশি বলেন, আপনারা এগিয়ে আসুন এবং আমার অপহরণকারীদের দাবিগুলো মেনে নেন। ভিডিওটি গত ৯ আগস্ট ধারণ করা বলে জানান সুফিউল। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আপনারা যদি দাবিগুলো মেনে নেন, তাহলে আমাদের মুক্তি সম্ভব। তা না হলে আমাদের মরদেহগুলো গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবেন।

তাদের মুক্তির জন্য মুক্তিপণসহ সরকারি কর্তৃপক্ষের হাতে আল কায়দা জঙ্গিদের মুক্তি দাবি করেছে অপহরণকারীরা। আল কায়দার পক্ষ থেকে ইয়েমেনে জাতিসংঘ অফিসে যোগাযোগ করে আটক পাঁচ কর্মকর্তার মুক্তির জন্য মুক্তিপণ হিসেবে নির্দিষ্ট অঙ্কের অর্থ দাবি করেছে। একই সঙ্গে তারা সরকারি কর্তৃপক্ষের হাতে আটক আল কায়দা জঙ্গির মুক্তি দাবি করেছে। এ অপহরণের ব্যাপারে জার্মান রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের এই পাঁচ কর্মকর্তাকে আল কায়দা অপহরণ করেছে। দক্ষিণ ইয়েমেনে একটি ফিল্ড ট্রিপ শেষ করে রাজধানীর দিকে ফেরার সময় আল কায়দার একটি গ্রুপ তাদের অপহরণ করে। এরপর জাতিসংঘ ইয়েমেনের রাজনৈতিক নেতাদের মাধ্যমে আল কায়দার সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সুফিউল আনাম ১৯৭৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি জাতিসংঘে যোগ দেন। কিছুদিনের মধ্যেই তার অবসরে যাওয়ার এবং ঢাকায় ফেরার কথা ছিল। তার গ্রামের বাড়ি কুমিল্লা। তার স্ত্রী কাজী নাসরিন আনাম ঢাকায় থাকেন। দুই সন্তানের দু’জনই বর্তমানে কানাডাপ্রবাসী। কিন্তু তিনি অপহরণ হয়ে এখন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। দাবি মানা না হলেই মরতে পারেন। তা থেকে বাঁচতেই আকুতি জানিয়েছেন সুফিউল।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ