স্টাফ রিপোর্টার- আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইনানুসারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অংশ নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সোমবার দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, আইনে যদি সুযোগ থাকে তাহলে তিনি নির্বাচন নিতে পারবেন। আর যদি না থাকে তাহলে তিনি পারবেন না। তবে আমার মনে হয়, আইনানুসারে তিনি নির্বাচন করতে পারবেন না।
তিনি বলেন, ‘সংবিধানের ৬৬ অনুচ্ছেদে বলা আছে, কোনো দুর্নীতির মামলায় দুই বছর সাজা হলে এমপি নির্বাচন করতে পারবে না। সবক্ষেত্রেই এ নীতির প্রতিফলন আছে। খালেদা জিয়া আদালতের মাধ্যমে দণ্ডিত। প্রচলিত আইনানুযায়ী খালেদা জিয়া যোগ্য নির্বাচিত হলে নির্বাচন করতে পারবেন আর আইনানুযায়ী নির্বাচনের অযোগ্য হলে নির্বাচন করতে পারবেন না।
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহার কীভাবে বন্ধ করা যায় সে বিষয়ে কাজ চলছে। আগে অপব্যবহার হয়নি তা অস্বীকার করছি না। গণমাধ্যমকে এ জন্য ভীত হবার কোনো কারণ নেই। এছাড়া দুই-তিনদিনের মধ্যে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের বিষয়ের উদ্দেশ্য তুলে ধরব।
এর আগে দুই বছর দেড় মাস (৭৭৬ দিন) কারাভোগের পর শর্তসাপেক্ষে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ২০২০ সালের ২৫ মার্চ বিকেল ৪টার পর কারান্তরীণ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়। তার পর থেকেই তিনি গুলশানের বাসা ‘ফিরোজা’ য় রয়েছেন।
সেই সময়ে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সরকার তার বয়স বিবেচনায় মানবিক কারণে খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়। তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশ যেতে পারবেন না, এমন শর্তে এই সাজা স্থগিত করা হয়।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান। রায় ঘোষণার পর খালেদাকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরোনো কেন্দ্রীয় কারাগারে বন্দি রাখা হয়। এরপর ৩০ অক্টোবর এই মামলায় আপিলে তার আরও পাঁচ বছরের সাজা বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট।
একই বছরের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন একই আদালত। রায়ে ৭ বছরের কারাদণ্ড ছাড়াও খালেদা জিয়াকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন।
পরে কারান্তরীণ অবস্থায়ই চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়া হয় খালেদা জিয়াকে। প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাকে আবারও কারাগারে পাঠানো হয়। এভাবে কয়েক দফায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে এবং হাসপাতাল থেকে কারাগারে নেয়া হয়। সবশেষ গত বছরের ১ এপ্রিল তাকে তৃতীয় দফায় হাসপাতালটিতে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের ৬২১ নম্বর কেবিনে চিকিৎসা নিচ্ছিলেন।
বিএনপি নেতারা খালেদা জিয়াকে চিকিৎসার জন্য মুক্তির দাবি জানিয়ে আসছিলেন। এক্ষেত্রে তারা আদালতেও আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু বরাবরই বিফল হতে হয়েছে বিএনপির নেতৃত্বকে।








