স্টাফ রির্পোটার- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের গোলাবর্ষণের ঘটনা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন।
এদিনের বৈঠক নিয়ে লি জিমিং আরও বলেন, ‘আমরা বন্ধুত্বপূর্ণভাবে অনেক বিষয় নিতে আলোচনা করেছি। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়েছে।
এদিকে নাইক্ষংছরির ঘুমধুম-তুমব্রু ও কক্সবাজারের উখিয়া সীমান্তে গোলাবর্ষণের ঘটনার সপ্তাহ না পেরুতেই এবার কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং কানজরপাড়া সীমান্তে মিয়ানমারের ভেতরে নতুন করে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। থেমে থেমে গোলাবর্ষণ অব্যাহত থাকায় আতঙ্কে রয়েছে ওই এলাকার সাধারণ মানুষ।
সোমবার ভোর থেকে মর্টারশেলের মতো ভারী অস্ত্রের গোলার শব্দে কেঁপে ওঠছে হোয়াইক্যং কানজড় পাড়া এলাকা। থেমে থেমে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে বলে জানান স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের কানজড় পাড়া ৫ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য শাহ জালাল।
তিনি বলেন, ‘সকাল থেকে আমার ওয়ার্ড কানজড় পাড়া বড়ফিশারি এলাকায় সীমান্তে ভারী অস্ত্রের শব্দ শোনা যাচ্ছে। এই ভারী অস্ত্রের বিকট শব্দে জেলেরা আতঙ্কিত হয়ে নাফ নদীসহ সীমান্ত এলাকায় কাজ করতে যাচ্ছে না। শুধু কানজড় পাড়া এলাকায় নয় হোয়াইক্যংয়ের বিভিন্ন জায়গায় অস্ত্রের বিকট শব্দ শোনা যাচ্ছে। মাঝে মাঝে মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টারও দেখা যায়।








