স্টাফ রিপোর্টার – প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোস্টগার্ডকে শক্তিশালী করতে এবং এ বাহিনীর উন্নয়নে কাজ করছে সরকার। সুনীল অর্থনীতির জন্য কোস্টগার্ডকে আরও আধুনিক ও শক্তিশালী করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় এ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে কোস্টগার্ড সদর দফতরে ‘বাংলাদেশ কোস্টগার্ড’-এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ও পদক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, শুধু আওয়ামী লীগের জন্যই সমুদ্রসীমা ও উপকূল রক্ষায় এ বাহিনী প্রতিষ্ঠা পেয়েছে। সংসদে বিরোধীদলে থাকা অবস্থায় কোস্টগার্ড আইন পাসে উদ্যোগী হয়েছিল আওয়ামী লীগ। কোস্টগার্ডকে আধুনিক প্রযুক্তিসম্পন্ন করে গড়ে তুলতে আরও পদক্ষেপ নেয়া হচ্ছে।
কোস্টগার্ডের প্রশিক্ষণের জন্য আরও সক্ষমতা বাড়ানো হয়েছে; এছাড়া গভীর সমুদ্রে নজরদারি বাড়াতে ডিজিটাল পদ্ধতি প্রণয়নের পাশাপাশি হোভারক্রাফটের মতো আধুনিক সরঞ্জাম সংগ্রহ করা হচ্ছে এবং সেটা এখন সময়ের ব্যাপারমাত্র বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা রক্ষায় কোস্টগার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোস্টগার্ডের সদর দফতরে পৌঁছালে সশস্ত্র সালামে প্রধানমন্ত্রীকে সম্মান জানান বাহিনীর সদস্যরা।
পরে বিভিন্ন সময়ে বাহিনীতে সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য মনোনীত কোস্টগার্ড কর্মকর্তা ও সদস্যদের পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী।








