,

ক্ষমতা নয়, শেখ হাসিনাকে হটাতে চায় বিএনপি – ও. কাদের

ক্ষমতা নয়, শেখ হাসিনাকে হটাতে চায় বিএনপি - ও. কাদের

স্টাফ রিপোর্টার – আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, ক্ষমতায় যাওয়া নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটানোই বিএনপির লক্ষ্য। তিনি বলেন, বিএনপির আন্দোলন যত গর্জে, বাস্তবে তত বর্ষে না। নিঃশব্দ মানববন্ধন করছে তারা। তাদের আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই। এমন কী কমে গেছে তাদের নিজেদের নেতাকর্মীদের অংশগ্রহণও। সোমবার সচিবালয়ের মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে কাদের বলেন, তারা রাজনৈতিক আন্দোলন করলে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। কিন্তু সহিংস হলে আমরা যেহেতু সরকারে আছি, আমাদের ব্যবস্থা নিতে হবে। বিএনপির লক্ষ্য ক্ষমতায় যাওয়া নয়, তাদের লক্ষ্য শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটানো।

তিনি বলেন, গণতন্ত্রে ব্যাকডোরে কোনো আলোচনা হয় না; যা হয় প্রকাশ্যে। দরকার হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলব, আসুন আলোচনায় বসি।

সংলাপের সেই সম্ভাবনা আছে কি না জানতে চাইলে কাদের বলেন, আপাতত সেই সম্ভাবনা দেখছি না। নির্বাচন সামনে রেখে এ ধরনের সংকট নতুন নয়। এ ধরনের কালো মেঘ অনুভূত হয়, তা আবার কেটেও যায়। এ মুহূর্তে বলা যাবে না, কখন কী হয়! তবে নির্বাচন সামনে রেখে বর্তমান সংকট কেটে যাবে।

ওবায়দুল কাদের অভিযোগ করেন, বিএনপি ৭১-এর চেতনায় বিশ্বাস করে না। তারা একাত্তরের চেতনাবিরোধী। বিএনপির আন্দোলন মানেই আগুন সন্ত্রাস, মানুষ পুড়িয়ে হত্যা করা। সুযোগ পেলে তারা আবার এটি করবে না, এর কোনো গ্যারান্টি নেই। আওয়ামী লীগ মাঠে না থাকলেই সন্ত্রাসী কার্যকলাপ করবে বিএনপি। তাই যতক্ষণ সরকার ক্ষমতায় আছে, জনগণের জানমাল রক্ষা করার দায়িত্ব সরকারের।

তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে যে অর্থনৈতিক সংকট হয়েছে, তার জন্য আমদানি করা পণ্য কিনতে হচ্ছে অনেক বেশি দামে। তবে এ অবস্থা সামাল দেয়ার জন্য সরকার তৎপর রয়েছে। সরকারের ওপর জনগণের আস্থা আছে; তা না হলে বিএনপির আন্দোলনের সাথে জনগণের সমর্থন থাকত।

পঞ্চগড়ে গুজব ছড়িয়ে পুলিশ ও মুসুল্লিদের মধ্যে সংঘর্ষের ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। একইসঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণও খোঁজা হচ্ছে বলে জানান তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই দুই ঘটনা নিয়ে মন্তব্যের প্রতিক্রিয়ায় এসব তথ্য জানান ওবায়দুল তাদের।

ওবায়দুল কাদের বলেন, এখন তারা (বিএনপি) যে স্বাভাবিক পথে যেতে চায় না, তাদের আন্দোলনে ভাটা নেমেছে; সে কারণে তারা এখন নাশকতার দিকে যাচ্ছে কি না, সেটা কিন্তু আমাদের খতিয়ে দেখতে হবে। রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগল কেন? একই সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে। আর সব দোষ আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ওখানে অক্সিজেন ব্লাস্ট হয়ে এক্সিডেন্ট হয়ে গেছে, দোষ কার? আওয়ামী লীগের? চট্টগ্রামের সীতাকুণ্ডে কার্বনডাইঅক্সাইড আর নাইট্রোজেনের মধ্যে একই জায়গায় রাখাতে সংঘর্ষ হয়ে ব্লাস্ট হয়েছে। দোষ কার? আওয়ামী লীগের?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, মির্জা ফখরুল যেভাবে বলছেন তাতে মনে হয় বাংলাদেশে এই মুহূর্তে খুব বেশি গরম পড়বে, বলবে দোষ আওয়ামী লীগের। হঠাৎ খুব বেশি শীত হলে দোষ আওয়ামী লীগের। হঠাৎ করে বন্যা এলে দোষ আওয়ামী লীগের। তারপরে বলবে যে, বাংলাদেশে বজ্রপাতে এত লোকের মৃত্যু, এটাও দোষ আওয়ামী লীগের। এটা বিএনপি বলতে পারে। বিএনপির মুখে কোন কিছু বাধে না।

তিনি যুক্তি দিয়ে বলেন, সরকার কি ক্ষমতায় আছে আত্মহত্যা করার জন্য? সরকার তো দেশের শান্তি চাইবে ক্ষমতায় থাকার জন্য। সরকার কেন গোলমাল লাগাবে? গোলমাল তো লাগাচ্ছে তারা (বিএনপি) ক্ষমতায় যাওয়ার জন্য। ক্ষমতায় থাকার জন্য কেউ গোলমাল করে না।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ