,

প্রতি মাসেই বিদ্যুতের দাম সমন্বয় হবে- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার-  এখন থেকে প্রতি মাসেই বিদ্যুতের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, আমরা বলেছি প্রতি মাসে আমরা কিছু সমন্বয় করবো। সেটাই এখন চলছে। প্রতি মাসেই আমরা এটা অল্প অল্প করে সমন্বয় করবো।

শুক্রবার সকালে রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ১৪তম ডিআরএমসি-সামিট জাতীয় বিজ্ঞান মেলা-২০২৩ এর উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নসরুল হামিদ বিপু বলেন, সেচের জন্য অনেক জায়গায় সারাদিন ধরে পাম্প চালান অনেকেই। আমরা একটা সময় নির্ধারণ করে দিয়েছি। এই সময়ের মধ্যে আপনারা সেচের জন্য বিদ্যুৎ ব্যবহার করবেন। তবে কিছু কিছু জায়গায় এটা নিয়ে সমস্যা দেখা দিচ্ছে। এটা কোনো সমস্যা নয়, আমরা ঠিক করছি। সার্বিকভাবে পরিস্থিতি আরও ভালো থাকবে, বিশেষ করে আগামী মাস থেকে।

লোডশেডিং ও সেচের সমস্যার বিষয়ে প্রশ্ন করা হলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, লোডশেডিংটা ওই রকম না। বিভিন্ন জায়গা থেকে আমরা ম্যানেজ করছি। সেচটা যাদের বাধাগ্রস্ত হচ্ছে তাদের জন্য যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়ে করেন (সেচযন্ত্র চালান)। সারাদিন চালিয়ে রাখলে সমস্যা হবে।

গ্যাসের দাম বাড়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের দাম বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করেছি। আমাদের লক্ষ্য হলো এপ্রিল থেকে কীভাবে নিরবচ্ছিন্নভাবে গ্যাস দিতে পারি, সেটারও ব্যবস্থা করছি। ভোলার গ্যাস আগামী এক-দুই মাসের মধ্যে দিতে পারবো বলে আশা করছি।

আগামী ফেব্রুয়ারি মাস থেকে সারাদেশের লোডশেডিং পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, কিছু কিছু জায়গায় লোডশেডিং নিয়ে সমস্যা দেখা দিচ্ছে। এটা কোনো সমস্যা নয়, আমরা ঠিক করছি। সার্বিকভাবে পরিস্থিতি আরও ভালো থাকবে, বিশেষ করে আগামী মাস থেকে।

এদিকে বাংলাদেশে বিজ্ঞান চর্চা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে জানিয়ে এ বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

তিনি বলেন, সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বাংলাদেশ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, এটা ভাবাই যায় না। এই দেশ বিজ্ঞান প্রসারে এতো উন্নতি লাভ করেছে। ঘরে ঘরে সবার হাতে এখন মোবাইল ফোন। ইন্টারনেটের ব্যাপক ব্যবহার সারা বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, সারা বাংলাদেশের প্রতিটি স্কুলে ডিজিটাল মেলা হয়। ডিজিটাল সেন্টার, ডিজিটাল ক্লাব, বিজ্ঞান ক্লাব তৈরি হয়েছে। সুতরাং বিজ্ঞান চর্চার কোনো বিকল্প নেই। পৃথিবীর শ্রেষ্ঠ জাতি যদি হতে চাই, শ্রেষ্ঠ দেশ যদি হতে চাই- আমাদের বিজ্ঞান চর্চায় থাকতে হবে।

তিনি বলেন, হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্সের একটি বড় মাত্রা তৈরি করে কোন দেশে কত পরিমাণ বিজ্ঞান চর্চা হয়। বিজ্ঞানে কতটুকু উন্নত তারা। সারা বাংলাদেশের প্রযুক্তি উন্নত হচ্ছে জানিয়ে নসরুল হামিদ বলেন, এখন লক্ষ্য কীভাবে আমরা ক্যাশলেস সমাজে পরিণত হতে পারি। কীভাবে আমরা কম মূল্যে বিদ্যুৎ উৎপাদন করতে পারি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ