,

চা শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘটে

চা শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘটে

স্টাফ রিপোর্টার : বোঝাই যাচ্ছিল এমনটি ঘটতে পারে। দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবি আগেই তোলা হয়েছিল। কিন্তু মালিকপক্ষ তা মানেননি। আর তাই বর্তমান বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দৈনিক মজুরি ৩০০ টাকা করাসহ বিভিন্ন দাবিতে সারাদেশে চা-শ্রমিকদের ধর্মঘট চলছে। শনিবার থেকে একযোগে সারাদেশের সব চা-বাগানে অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন।

প্রতি দুই বছর অন্তর চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির চুক্তি হওয়ার কথা। বর্তমানে মজুরি চুক্তির মেয়াদ প্রায় ১৯ মাস উত্তীর্ণ হয়েছে। চা-শ্রমিক ইউনিয়ন নেতাসহ বিভিন্ন সংগঠন মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে এলেও সংশ্লিষ্টরা এ বিষয়ে কোনো কর্ণপাত করছেন না। ফলে চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় ও বিভিন্ন ভ্যালি কমিটির উদ্যোগে গত কয়েকদিন ধরে দুই ঘণ্টা করে চা-বাগানগুলোতে কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ পালন করা হয়।

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন মনু-দলই ভ্যালি কমিটির সাধারণ সম্পাদক নির্মল দাস পাইনকা বলেন, ‘৩০০ টাকা মজুরি, স্বাস্থ্য ও স্যানিটেশন সুবিধাসহ ১২০টি পয়েন্টে আমরা লিখিত দাবি জানিয়ে আসছি। তবে মালিকপক্ষ এই দাবি না মানার কারণে মজুরি বোর্ডসহ সংশ্লিষ্টদের সঙ্গে বারবার কথা বলেও কোনো কার্যকরী উদ্যোগ পরিলক্ষিত হয়নি।’

চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে আন্দোলনরত শ্রমিক নেতাদের নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে সমঝোতা বৈঠক করে শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রমদপ্তর। সমঝোতা বৈঠকে মালিক পক্ষ না থাকায় আন্দোলন স্থগিত না করার ঘোষণা দেয় বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন।

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পেট খালি থাকলে প্রয়োজন পড়লে মানুষ আইনের বাইরে যায়। আমরা সেখানে আইন মেনেই আন্দোলন করছি। প্রায় ১৯ মাস ধরে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করলেও আমাদের দাবি মেনে নেওয়া হয়নি। চা-শ্রমিকরা কী নিদারুণ কষ্টে আছেন তা মালিকপক্ষ ও সরকারকে বোঝা উচিত। বাধ্য হয়েই শনিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করছি।’

এরআগে গত বুধবার থেকে প্রতিদিন দুই ঘন্টা করে কর্মবিরতি চলে। শ্রমিকরা দিনে মজুরি পান ১২০ টাকা। যা দিয়ে ১ লিটার পেট্টলও কেনা সম্ভব না। এমন অবস্থায় মজুরি বৃদ্ধির দাবিতে চা শ্রমিকরা কর্মবিরতি পালন করেছেন। গত ১৯ মাস ধরেই কত আন্দোলন, সংগ্রাম করা হচ্ছে। কিন্তু কোন কাজ হচ্ছে না। বাগান মালিকদের সাথে বৈঠক করেও কোন লাভ হচ্ছে না। চা শ্রমিকের হাজিরা ১২০ টাকা থেকে ৩শ টাকায় বৃদ্ধি করার দাবি অনেক দিনের। মালিকপক্ষ ইতিমধ্যে ১৪ টাকা বর্ধিত করার প্রস্তাব দিয়েছে। ১৪ টাকা বৃদ্ধি হলে একজন শ্রমিকের মজুরী হবে ১৩৪ টাকা। এই ১৩৪ টাকা দিয়ে কীভাবে একজন শ্রমিকের জীবন চলবে? সারাদিন পরিশ্রম করে এক লিটার পেট্রোলের দামও হবে না। এক লিটার পেট্টলের দাম এখন ১৩০ টাকা।

বুধবারই বলা হয়েছিল, আগামী ৩ দিনের মধ্যে দাবি না মানা হলে দেশের সব বাগান একসঙ্গে বন্ধ করে দেয়া হবে। এবং রাজপথে এসে দাড়াবেন তাঁরা। এবং বৃহৎ আন্দোলনের ডাক দিবেন। তাঁদের এই ন্যায্য দাবি মালিক পক্ষ ‘বাংলাদেশ চা সংসদ না মানলে কঠোর আন্দোলন ও রাজপথে নামার হুশিয়ারি দিয়েছেন তাঁরা। সেই অনুযায়ীই কাজ হয়েছে। দাবি মানা হয়নি। আর তাই চা শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘটে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ