স্টাফ রিপোর্টার – আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের হিংস্র থাবা দৃশ্যমান হচ্ছে। এদের পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি, তাদেরকে যেকোনো মূল্যে রুখতে হবে। বুধবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত লোকজ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এই অপশক্তিকে রুখতে হলে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। তারা দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করতে মাঠে নেমেছে। ‘এদের বিরুদ্ধে’ নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, অসুস্থ রাজনীতি করতে করতে ফখরুল সাহেবরা নিজেরাই অসুস্থ হয়ে পড়েছেন। তাদের নেতিবাচক রাজনীতি করার কারণেই জনগণ থেকে বিচ্ছিন্ন ও দুর্বল হয়ে গেছে। বিএনপি আসলে দেশের মানুষের ভালো চায় না। তারা চায় ক্ষমতা।
সরকারের উন্নয়ন অগ্রগতির কথা তুলে ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জনগণের দল, তাই দেশের মানুষের জন্য কাজ করাই আমাদের মূল লক্ষ্য। এদেশের সকল উন্নয়ন অর্জন বঙ্গবন্ধু ও শেখ হাসিনার হাত ধরেই হয়েছে।
আওয়ামী লীগ পাল্টা কর্মসূচিতে বিশ্বাস করে না। বিএনপিই সংঘাতের উসকানি দিচ্ছে। তবে জনগণের জানমাল রক্ষায় রাজপথে থাকবে নেতাকর্মীরা বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সহিংসতা রুখতে দল ও দেশের মানুষের প্রতি সতর্ক থাকার আহ্বান জানান।
একের পর এক কর্মসূচিতে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তাপ। দেশবিরোধী অপশক্তিকে যে কোনো মূল্যে রুখতে মুক্তিযুদ্ধের সপক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান কাদের। কাদের বলেন, আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি ও সহিংসতায় বিশ্বাস করে না, তবে আন্দোলনের নামে কেউ সহিংসতা করলে জনগণের জানমালের রক্ষায় সতর্ক অবস্থানে থাকবে দল।
বিএনপি ভোটে হেরে যাওয়ার ভয়ে অসুস্থতাকে নিয়ে রাজনীতি করছে, এ কথা জানিয়ে কাদের বলেন; অসুস্থ রাজনীতি করতে করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা অসুস্থ হয়ে হাসপাতালে গেছেন। তারা যদি রাজনীতির নামে জ্বালাও-পোড়াও করে, মানুষের জানমালের ক্ষতি করে তাহলে তা প্রতিরোধ করা হবে, আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি করছে না, বিএনপি উসকানিমূলক তৎপরতা বন্ধ না করলে জনগণ জবাব দেবে বলেও জানান তিনি।
নারায়ণগঞ্জে কারুশিল্প মেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেছেন ওবায়দুল কাদের। এসময় দেশীয় বাদ্যযন্ত্রের একটি স্টলে দাঁড়িয়ে একতারা হাতে নিয়ে কিছুক্ষণ বাজান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য শেষে ফিতা কেটে আনুষ্ঠানিক মেলা উদ্বোধন করেন তিনি। পরে মেলার বিভিন্ন দেশীয় কারু পণ্যের স্টল ঘুরে দেখেন এবং দোকানিদের সঙ্গে কথা বলেন তিনি।
এরআগে উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, সংস্কৃতির আসল রুপ ধরে রাখতে হবে। বাঁশ দিয়ে আপনারা যে সেতু তৈরি করেছেন সেটাই এখানকার ঐতিহ্য। এটাকে বহাল রাখতে হবে। এটার আদি রুপটাকে তার সঠিক জায়গায় রাখতে হবে।
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, চিত্রশিল্পী হাসেম খান, স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সংস্কৃতি বিষয়ক সচিব আবুল মনসুর, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক এস এম রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত মো. শহীদ বাদল প্রমুখ।








