স্টাফ রিপোর্টার – জিয়াউর রহমান হত্যার তদন্তে ক্ষমতায় গেলে কমিশন গঠনের যে ঘোষণা এসেছে বিএনপির তরফে, সেই প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমান হত্যার কমিশন হবে, ক্ষমতায় গেলে হবে, কবে…তো যখন ক্ষমতায় ছিলেন, তখন কেন করলেন না? আপনাদের ভেতরে অনেকেই আছে – জিয়াউর রহমানের হত্যার পেছনে দুরভিসন্ধি আছে, চক্রান্তও আছে; না হলে কেন কমিশন করলেন না?
জনগণের অংশগ্রহণ ছাড়া কোন আন্দোলনই সফল হয় না। সরকার হঠাতে বিএনপি যে আন্দোলন করে আসছে, তাতে জনগণ আদৌ অংশ নেবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ওবায়দুল কাদের। সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে বলেছেন, জোয়ার কি আসবে কখনো?
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারাদেশে ৮৭টি সেতু উদ্বোধনের জন্য প্রস্তুত রয়েছে। কর্ণফুলী টানেলের কাজও শেষ হবে এ বছরের শেষ নাগাদ। রবিবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। আরও জানান, ডিসেম্বরের মধ্যেই চালু হবে মেট্রোরেল।
ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল সাহেব, আন্দোলন আন্দোলন করতে করতে গলা শুকিয়ে যায়; কিন্ত মরা নদীতে জোয়ার আসে না। জোয়ার কি আসবে কখনো? নেতাকর্মীর আন্দোলন দিয়ে ইতিহাসে সরকার হটানো যায়নি। এখনও আপনাদের নেতাকর্মীদের সাথে জনগণ যোগ দেয়নি। কোন মুখে বলেন, ফয়সালা হবে!
আন্দোলন জমাতে বিএনপি রাজপথে লাশ ফেলার চক্রান্ত করছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, টেমস নদীর ওপার থেকে দণ্ডিতৃঅর্থ পাচারকারী অপরাধী যুবরাজ হাকডাক দিচ্ছেন; সেই ডাকে টেমস নদীতে ঢেউ উঠেছে কি না জানি না; তবে পদ্মা, মেঘনায় ঢেউ নেই। বিএনপির শুকনো নদীতে জোয়ার আর আসে না। চিৎকার যতো পারেন, করেন। রাজপথে হুমকি দিয়ে লাশ ফেলতে চান। আপনারা এখন লাশ ফেলার দুষ্ট চক্রে আবদ্ধ হচ্ছেন। লাশ ফেলে জনগণ থেকে বিচ্ছিন্ন কোনো আন্দোলনে বিরোধী দল ফয়সালা করতে পারে না।
বিএনপির আন্দোলন মানেই নিজেদের মধ্যে রেষারেষি মন্তব্য করে তিনি বলেন, জনগণ কারও সাথে মারামারি করে না। আপনাদের আন্দোলন মানেই নিজেরা নিজেরা মারামারি, চেয়ার ছোড়াছুড়ি। আপনাদের বিক্ষোভ মানেই পুলিশের দোষ, পুলিশের পর হামলা। পুলিশের ওপর হামলা তো পুলিশ আত্মরক্ষা করবে না?
বিএনপির আমলে বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী যে নির্যাতনের শিকার হন তা মনে করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, আপনাদের হাতে রক্তের দাগ…মির্জা ফখরুল আপনাদের সতর্ক করে দিতে চাই…আপনাদের হাতে রক্তের অনেক দাগ। ২১ হাজার আওয়ামী লীগ কর্মী, আহসানউল্লাহ মাস্টার, মাজহারুল ইমাম, এ এম এস কিবরিয়া এদের রক্তে আপনাদের হাত রঞ্জিত। আমরা আপনাদের কাউকে হত্যা করিনি। হত্যা সন্ত্রাসের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমাদের নেত্রীর ওপর কতোবার হামলা হয়েছে, কিন্তু খালেদা জিয়াকে কেউ মারতে যায় না। কাকে অপবাদ দেন?
তিনি বলেন, লাশের কাহিনীও সবাই জানে। চট্টগ্রাম থেকে লাশ এনে প্যারেড গ্রাউন্ডে জানাজা পড়লেন। সেই লাশ চন্দ্রিমা উদ্যানে সমাহিত করলেন। আমি লাশ তুলে ফেলতে বলছি না। আমার প্রশ্ন হচ্ছে, যে প্রশ্নের জবাবে সবসময় ফখরুল নিরুত্তর, নো রেসপন্স, পঞ্চম সংশোধনী আর খালেদা জিয়ার ছয়টি জন্ম দিবস..এই প্রশ্নগুলোর জবাব ফখরুল সাহেবের কাছে চেয়েছি। পাইনি।
ওবায়দুল কাদের বলেন, এগুলো বললেই বলে, ওবায়দুল কাদের- জিয়াউর রহমান আর খালেদা জিয়ার বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত কথা বলে। এখানে শিষ্টাচারের কী? সত্য জানতে চেয়েছি। জিয়াউর রহমানের লাশ দাফনের সময় কেউ দেখেছে? কোনো ছবি আছে? একটা ছবি দেখান।








