,

জ্বালানি তেল পাচার ঠেকাতে দাম বৃদ্ধি : মন্ত্রণালয়

জ্বালানি তেল পাচার ঠেকাতে দাম বৃদ্ধি : মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে তেলের দাম বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পার্শ্ববর্তী দেশ ভারতে জ্বালানি তেলের দাম তুলনামূলক অনেক বেশি। গত মাসের তথ্য অনুযায়ী ভারতের কলকাতায় ডিজেল প্রতি লিটার ৯২ দশমিক ৭৬ রুপিতে (১১৮.০৯ টাকা) বিক্রি হয়। ওই সময়ের হিসাবে কলকাতার প্রতি লিটার ডিজেলের দাম বাংলাদেশ থেকে প্রায় ৩৪ দশমিক শূন্য ৯ টাকা বেশি ছিল। আর পেট্রলের দাম বেশি ছিল প্রতি লিটার প্রায় ৪৪ দশমিক ৪২ টাকা। এ পার্থক্যের কারণে জ্বালানি পণ্যের পাচার হওয়ার আশঙ্কা রয়েছে। তাই মূল্য সমন্বয়ে পার্শ্ববর্তী দেশের সঙ্গে বাংলাদেশের জ্বালানি পণ্যের মূল্যের পার্থক্যজনিত পাচার রোধ বিবেচনায় নেয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকা আর ডলারের বিনিময় হার বাড়াসহ ৮ কারণে দেশের বাজারেও দাম সমন্বয় করা হয়েছে। এতে জানানো হয়, জ্বালানি বাবদ সরকারকে এখন সবচেয়ে বেশি ভর্তুকি দিতে হচ্ছে। কিন্তু এই দফায় দাম বাড়ানোর পরও লোকসান বহন করতে হবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-বিপিসিকে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় আমদানি ব্যয়ও বাড়ছে। এতে আর্থিক সক্ষমতাও কমে যাচ্ছে বিপিসির। এ অবস্থায় জ্বালানির আমদানি নির্বিঘ্ন রাখতে দাম সমন্বয় করে বিপিসির আর্থিক অবস্থা স্থিতিশীল রাখতে চায় সরকার।

বিবৃতিতে আরো বলা হয়, পাশের দেশ ভারতে জ্বালানি তেলের দাম তুলনামূলক বেশি হওয়ায় পাচারের আশঙ্কা করছে মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, আন্তর্জাতিক বাজারে ডিজেল প্রতি ব্যারেল ৭৪ দশমিক শূন্য ৪ ও অকটেন ৮৪ দশমিক ৮৪ মার্কিন ডলারে নেমে এলে ডিজেল ও অকটেন প্রতি লিটার যথাক্রমে ৮০ ও ৮৯ টাকায় বিক্রি সম্ভব হতো, যা এখন প্রায় অসম্ভব। গত জুলাইয়ে ডিজেল ও অকটেনে বিপিসি প্রায় ৭৮ কোটি টাকা লোকসান দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ