স্টাফ রিপোর্টার : ডলারের দাম বাড়তে বাড়তে এমন এক অবস্থায় এসেছে, সব রেকর্ড ভেঙে চুড়মার হয়ে গেছে! ১১৯ টাকা দাম হয়েছে। খোলাবাজারে ডলারের দাম দেশের ইতিহাসের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। চাহিদার বিপরীতে বাজারে ডলার না থাকায় দাম বর্তমানে ১১৯ টাকায় উঠে গেছে।
রাজধানীর মতিঝিলের মানি এক্সচেঞ্জগুলোতে দেখা গেছে, নগদ ডলার নেই বললেই চলে। যার কারণে বেশিরভাগ মানি এক্সচেঞ্জই ডলার বিক্রি করার চেয়ে ডলার কিনতে বেশি আগ্রহী। বেশিরভাগ মানি এক্সচেঞ্জেই নগদ ডলারের সংকট। তাই ডলার বিক্রির চেয়ে ক্রয় বেশি হচ্ছে। এছাড়া এতদিন অনেকেই রাস্তায় ডলার কেনাবেচা করত। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনার নজরদারি বাড়ায় তারাও সরসরি ডলার কেনাবেচা করছেন না।
ডলার নেই। তাই কেউ কিনতে চাইলে প্রতি ডলার ১১৯ টাকায় কিনতে হচ্ছে। তাও ১ ঘণ্টা অপেক্ষা করে কিনতে হচ্ছে। কারণ কারও না কারও কাছ থেকে এনে দিতে হচ্ছে। খোলাবাজারে ডলারের চাহিদা বেশি। কিন্তু সেই তুলনায় সরবরাহ নেই বললেই চলে। গেল ১৭ মে দেশের খোলাবাজারে ডলারের দাম প্রথমবারের মতো ১০০ এর ঘর পেরিয়ে যায়। তারপরে নিচে নেমে এলেও ১৭ জুলাই আবারও ১০০ টাকার ওপরে উঠে যায়। এর আগে খোলাবাজারে ডলারের বিনিময় মূল্য ছিল ১১৫ টাকা। দ্রুতই এই দাম বেড়ে গেছে।
গত ৩ মাসে ডলারের দাম বেড়েছে ১৯ বার। এ সময়ে টাকার মান কমেছে সাড়ে ৮ টাকা। এর আগে ২৯ মে বাংলাদেশ ব্যাংক ডলারের দর নির্ধারণ করে ৮৯ টাকা। কিন্তু এরপরেই ডলারের দর বাজারের ওপর ছেড়ে দেয়া হয়। এরপর থেকে দু-একদিন পরপরই বাড়ছে ডলারের দাম। সোমবার (৮ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক ৯৪ টাকা ৯৫ পয়সা দরে ডলার বিক্রি করে। নিয়মানুযায়ী এটাই এখন ডলারের আনুষ্ঠানিক দর। এর আগে ২৬ জুলাই খোলাবাজারে ডলারের দাম রেকর্ড ১১২ টাকায় পৌঁছেছিল।
খোলাবাজারে ডলারের দাম নিয়ন্ত্রণে আনতে রাজধানীর বিভিন্ন মানি চেঞ্জারে অভিযান চালাচ্ছে বাংলাদেশ ব্যাংক। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যদের সঙ্গে নিয়ে এ পরিদর্শন কার্যক্রম চালায় কেন্দ্রীয় ব্যাংক।








