,

তিস্তা চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের ইতিবাচক সাড়া আছে

তিস্তা চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের ইতিবাচক সাড়া আছে
ভারতের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে ॥ ভারতের কোন কোন সমুদ্রবন্দর ব্যবহার করা হবে ভাবা হচ্ছে ॥ আদানি গ্রুপ সাড়ে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চাচ্ছে

 

স্টাফ রিপোর্টার – প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারদিনের ভারত সফরে তিস্তা চুক্তি না হলেও এ নিয়ে পশ্চিমঙ্গের ইতিবাচক সাড়া আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সাথে ভারতের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং ভারতের কোন কোন সমুদ্রবন্দর ব্যবহার করা হবে, তা নিয়েও ভাবা হচ্ছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর ভারত সফরে বাণিজ্যমন্ত্রীও ছিলেন।

শনিবার সকালে রংপুরে ২ দিনের সফরে গিয়ে নগরীর সেন্ট্রাল রোডস্থ বাসভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ বছর পর ভারত সফরে গেলেও দ্বিপক্ষীয় ব্যবসায়িক আলোচনা ফলপ্রসূ হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী তাদের এগিয়ে যাওয়ার সঙ্গে বাংলাদেশকে পাশে চেয়েছেন। তিস্তা নদীর পানি চুক্তি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের ইতিবাচক সাড়া রয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ করতে আগ্রহী হয়েছেন ভারতের ব্যবসায়ীরা। তাদের কিছু প্রশ্ন ছিল, অবজারভেশন ছিল, দাবি ছিল। প্রধানমন্ত্রী সব শুনেছেন, বিবেচনায় আনবেন বলেছেন। আশা করা যায় বেশ বড় অ্যামাউন্ট বিনিয়োগ হবে। পোল্ট্রি, জ্বালানি, ট্রান্সপোর্ট, রেলওয়ে, এগ্রো প্রসেসিং বিষয়ে তারা উৎসাহ দেখাচ্ছে। আমরাও এ ব্যাপারে আশাবাদী। বিশেষ করে আদানি গ্রুপ বড় বিনিয়োগ করবে। আদানি গ্রুপ সাড়ে ৪ হাজার কোটি টাকা বাংলাদেশে বিনিয়োগ করতে চাচ্ছে।

টিপু মুনশি বলেন, ভারতের প্রধানমন্ত্রী তাদের ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন কাজে বাংলাদেশকে আরও কাছে পাওয়ার আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশ ভারতের অন্যতম প্রধান অংশীদার।

মন্ত্রী বলেন, ভারত আমাদের কাছে তাদের উত্তর-পূর্ব স্থানগুলো ট্রানজিট চেয়েছে, আমরাও ভারতের পোর্ট ব্যবহারের কথা জানিয়েছি। এসব প্রাথমিক আলোচনা। বারবার আমরা তিস্তার পানি বন্টন চুক্তির কথা বলেছি। তিস্তা নদী মূলত পশ্চিমবঙ্গের কনসার্ন, তাদেরও এ বিষয়ে পজেটিভ আশা করা যাচ্ছে। যদি সেটা হয়ে যায় তাহলে এ ব্যাপারেও স্যাটেলমেন্ট হয়ে যাবে। ভারত সফর সব কিছু মিলিয়ে পজেটিভ হয়েছে।

তিনি বলেন, বিশ্ব পরিস্থিতির কারণে ভারতসহ সব দেশে আমদানি আইটেম পণ্যের দাম আমাদের থেকে বেশি আছে। বৈশ্বিক যে অবস্থা, সে কারণে সব জিনিসের দাম বেড়েছে। তার প্রভাব পড়েছে এখানে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে আমাদের লোকাল পরিবহন এবং সব কিছুর ওপরই প্রভাব পড়েছে। গ্লোবাল মার্কেটে জ্বালানির দাম কমছে। তাই আমরা খুব আশাবাদী।

বাণিজ্যমন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়া থেকে খাবার, চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে দেশে নিত্যপণ্যের দাম কমে আসবে। এছাড়া টিসিবির মাধ্যমে এক কোটি অসচ্ছল পরিবারকে সাশ্রয়ী দামে খাদ্য সামগ্রী বিক্রির মাধ্যমে দেশের ৫ কোটি মানুষ এর সুবিধা পাচ্ছে। খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি হচ্ছে। দেশের মানুষের যেন কষ্ট না হয়, সেদিকে সরকারের লক্ষ্য রয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ব বাজারে সয়াবিন তেলের দাম কমেছে, কিন্তু দেশে ডলারের দাম বেড়েছে। ডলারের দামের সঙ্গে বিশ্ব বাজারে তেলের দাম সমন্বয় করা হচ্ছে। এতে করে ২ মাসের মধ্যে সয়াবিন তেলের দাম আরও এক ধাপ কমবে বলে আশা করছি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ