,

দিন যায়, মাস যায়, ফখরুল সাহেবদের আন্দোলন দেখা যায় না : ওবায়দুল কাদের

দিন যায়, মাস যায়, ফখরুল সাহেবদের আন্দোলন দেখা যায় না : ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার : দিন যায়, মাস যায়, ফখরুল সাহেবদের আন্দোলন দেখা যায় না, আন্দোলন কবে? জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে শোক দিবসের আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, ১৩ বছর ধরে কত শুনলাম, রোজার ঈদের পরে, কোরবানির ঈদের পরে, দেখতে দেখতে ১৩ বছর। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, পদ্মা-মেঘনা নদীতে কত পানি গড়িয়ে যায়। কিন্তু ফখরুল সাহেবদের আন্দোলনের সোনার হরিণ দেখা যায় না। ক্ষমতার ময়ূর সিংহাসন দিল্লি দূর-অস্ত।

সেতুমন্ত্রী বলেন, আন্দোলন করবেন, ব্যর্থ হলে নন্দঘোষ আওয়ামী লীগ। কোথায় আন্দোলন? সোনার হরিণ দেখা তো দিল না আজও। আন্দোলনের সোনার হরিণ দেখা না দিলে ক্ষমতার ময়ূর সিংহাসন কোনো দিন দেখা দেবে না।

কাদের বলেন, শেখ হাসিনা মানুষের কষ্ট বোঝেন। সরকার প্রধান হয়ে তিনি প্রকাশ্যেই বলেছেন, মানুষ কষ্ট করছে। এই কষ্ট লাঘবে তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। এই কষ্ট সাময়িক, এই দুর্দিন চলে যাবে। সুদিন আবার আসবে।

ওবায়দুল কাদের বলেন, একদিন-দুদিন আগে দেখলাম বেগম জিয়ার জন্মদিবসে এবার কেক কাটা হচ্ছে না! ১৫ তারিখে কেক কাটা হয়নি; কিন্তু ১৬ আগস্ট দোয়া মাহফিল করা হয়েছে। বেগম জিয়া অসুস্থ; দোয়া-মাহফিল হলে আমাদের কোনো আপত্তি থাকার কথা না। কিন্তু দোয়া মাহফিলের উপলক্ষ কি বেগম খালেদা জিয়ার জন্মদিন? এখনও ভুয়া জন্মদিন?

তিনি বলেন, ফখরুল সাহেবের কাছে কতবার জানতে চাইলাম; উনি তো দোয়া-মাহফিলের নেতা। জিয়াউর রহমান কেন খুনিদের পুরস্কৃত করলেন? বিচার রহিত করার জন্য আইন করলেন, পঞ্চম সংশোধনী করলেন- জবাব পাইনি।

তার কাছে জানতে চেয়েছি একটা মানুষের কয়টা জন্মদিন? এ পর্যন্ত সর্বশেষ করোনা টেস্টে ‘ষষ্ঠ জন্মদিবস’! তার আগে বিয়ের সময়, প্রধানমন্ত্রী হওয়ার সময়, বিদেশ যাওয়ার সময়, এসএসসি পরীক্ষা; সব মিলিয়ে সর্বশেষ করোনা টেস্টের সময় ষষ্ঠ জন্মদিবস। বাংলাদেশের মানুষের সাথে কতদিন তামাশা করবেন ভুয়া জন্মদিন পালন করে? আমি আবারও এই প্রশ্নটির জবাব চাই।

দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে ওবায়দুল কাদের বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশকে মূল্য দিতে হচ্ছে। আমরা দোষী না, অপরাধী না। তারপরও আমাদেরকে আর্থিক সংকটে বৈশ্বিক পরিস্থিতির মূল্য দিতে হচ্ছে। শেখ হাসিনাকে রাত জেগে জেগে দেশের মানুষের কথা ভাবতে হচ্ছে। কাজেই ধৈর্য্য হারা হবেন না। প্রধানমন্ত্রী নিজেই বলছেন মানুষ কষ্ট পাচ্ছে। এই কষ্ট সাময়িক। সুদিন আবার আসবে।

ঢাবি শাখা ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় এ সময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গবেষক, ইতিহাসবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ