,

দেশে আরও আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে –দুর্যোগ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার- বন্যা ও ঘূর্ণিঝড়সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের জানমালের ক্ষতি কমাতে দেশে আরও সাইক্লোন শেল্টার বা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে আশ্রয়কেন্দ্রের স্বল্পতার কথা জানিয়ে তিনি বলেছেন, আমরা প্রতিটি দুর্যোগের পর এলাকা পরিদর্শনে এসে দেখতে পাই আমাদের আশ্রয়কেন্দ্র ও মুজিব কেল্লা প্রয়োজনের তুলনায় অনেক কম। ফলে দুর্যোগকালীন অন্য অনেক স্থাপনাকে আশ্রয়কেন্দ্রের আওতায় আনতে হয়।

শুক্রবার দুপুরে ভোলার মনপুরা উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৪২৩টি আশ্রয়কেন্দ্র ও সাড়ে ৫০০ মুজিব কেল্লার নির্মাণকাজ চলমান। এছাড়াও আরও এক হাজার আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রকল্প নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ ইসলাম জ্যাবক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান প্রমুখ । পরে মনপুরা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন ত্রাণ প্রতিমন্ত্রী।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ ইসলাম জ্যাকব।

এসময় মন্ত্রী আরও বলেন, যেকোনো দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ও সাড়া প্রদানে সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে বিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হবে। বিদ্যালয়ে দুর্যোগ নিরাপত্তা নেটওয়ার্ক তৈরিতে প্রণোদনা দেওয়া হবে। দুর্যোগ সচেতন ও মোকাবিলায় সক্ষম একটি প্রজন্ম তৈরি করতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অন্তর্ভুক্ত করে দুর্যোগের ঝুঁকি কমাতে একটি উত্তম চর্চা সৃষ্টিতে আমরা কাজ করছি।

প্রতিমন্ত্রী বলেন, ভৌগলিক অবস্থান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, ঘনবসতি ইত্যাদি কারণে বাংলাদেশকে প্রতিনিয়ত কোনো না কোনো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলা করতে হয়। দারিদ্র্য বিমোচনসহ সামাজিক নিরাপত্তা অর্জনে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। এসব কারণে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন সারাবিশ্বে রোল মডেল।

এনামুর রহমান বলেন, সরকারের গৃহীত পদক্ষেপের ফলে শিক্ষার্থীরা দুর্যোগের ঝুঁকি ও করণীয় সম্বন্ধে আরও বেশি সচেতন হবে। শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিবেশীদের মাধ্যমে সমাজে এই সচেতনতা ছড়িয়ে পড়বে। সমাজে স্বেচ্ছাসেবী মনোভাব বৃদ্ধি পাবে, একটি সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা সংস্কৃতি গড়ে উঠবে। প্রয়োজনের সময় শিক্ষাপ্রতিষ্ঠান অতি দ্রুত আশ্রয়কেন্দ্রে পরিণত হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ