স্টাফ রিপোর্টার – যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সরকারের সর্বগ্রাসী দুর্নীতিসহ ১০ দফা দাবিতে আগামী ১৮ মার্চ সারা দেশের মহানগরে প্রতিবাদ সমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার সকালে নয়া পল্টনে মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, আগামী ১৮ মার্চ শনিবার সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে সারা দেশের সকল মহানগরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এদিকে বিএনপি ছাড়া, গণতন্ত্র মঞ্চ পুরানা পল্টন মোড়ে, ১২ দলীয় জোট বিজয়নগরে পানির ট্যাংকের কাছে, জাতীয়তাবাদী সমমনা জোট বিজয় নগরে আল-রাজী কমপ্লেক্সের সামনে, গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি যৌথভাবে আরামবাগে, গণতান্ত্রিক বাম ঐক্য ও সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা আলাদাভাবে মানববন্ধন কর্মসূচি থেকে এ অভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নয়া পল্টন এবং উত্তর বিএনপি বাড্ডায় সুবাস্তু নজর ভেলীর সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন করে।
অবিলম্বে সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা এবং গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি-নিত্যপণ্যের মূল্য কমানোর দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপি ঢাকাসহ সারা দেশে মহানগর ও জেলায় এই কর্মসূচি পালন করে।
সরকার পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি শুরু হয় গত ২৪ ডিসেম্বর গণমিছিলের মধ্য দিয়ে। এরপর ধারাবাহিকভাবে তারা অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ, বিভাগীয় সমাবেশ করেছে। গত ১১ ফেব্রুয়ারি থেকে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি করে। এরপর থানা, জেলা ও মহানগরে পদযাত্রার ধারাবাহিক কর্মসূচি শেষ করেছে ৪ মার্চ। নতুনভাবে মানববন্ধন কর্মসূচি যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ঘোষণা করা হলো।
যুগপৎ আন্দোলনের অংশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আব্দুল্লাহপুর (টঙ্গী ব্রিজ)-বিমানবন্দর-যমুনা ফিউচার পার্ক-বাড্ডা-রামপুরা-আবুল হোটেল-মালিবাগ রেলগেট পর্যন্ত এবং দক্ষিণ বিএনপির উদ্যোগে মালিবাগ রেলগেট-মৌচাক-শান্তিনগর-কাকরাইল-নয়াপল্টন-ফকিরাপুল-আরামবাগ-মতিঝিল শাপলা চত্বর-ইত্তেফাক মোড়-টিকাটুলী-যাত্রাবাড়ী পর্যন্ত এ মানববন্ধন করে। একইভাবে সাত সাংগঠনিক জেলা ছাড়া সারাদেশের সকল জেলা, মহানগরে এই কর্মসূচি করে বিএনপি।
বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল, ডাল, তেল ও কৃষি উপকরণ-শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি করছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দল ও সংগঠন।








