,

দেশ ও জাতির মঙ্গল কামনা করে ঈদের জামাত অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঈদের প্রধান জামাত রাজধানীর সুপ্রিমকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল আটটায় অনুষ্ঠিত এই প্রধান জামাতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ এতে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের প্রায় লাখো মুসলমান।

তবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের সব সমস্যা-সংকট নিরসন, করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের হেফাজত, আক্রান্ত মানুষের সুস্থতা কামনা এবং মারা যাওয়া মানুষদের জন্য দোয়া করা হয়।

সকাল ৭টায় প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। এ সময় মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন মসজিদের সাবেক মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।

ঈদ জামাত শেষে খুতবা পাঠ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মাহসহ সব মানুষের গুনাহ মাফ চেয়ে দোয়া কামনা করা হয়েছে। যেকোনো বিপদ থেকে দেশকে হেফাজতের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়েছে। নামাজ শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন সব বয়সী মুসল্লিরা।

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঈদের প্রধান জামাত পড়তে মুসল্লিরা জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করেন। পল্টন মোড়, মৎস্য ভবন, শিক্ষা ভবন ও সুপ্রিমকোর্টের সামনে দিয়ে তিনটি চেকপোস্টের মধ্য দিয়ে ঈদগাহ ময়দানে প্রবেশ করেন মুসল্লিরা।

ঈদ জামাতে প্রবেশের মুখে র্যাব-পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর তীক্ষ্ণ নজরদারি ছিল। ঈদ জামাতে আসা মুসল্লিদের তিন জায়গায় তল্লাশি করার পরই ঈদগাহে প্রবেশ করতে দেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ