স্টাফ রিপোর্টার – ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দীর্ঘ ২১ বছর নতুন প্রজন্মসহ জাতিকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানানো হয়নি, অন্ধকারে রাখা হয়েছে। এসময় যারা জন্মগ্রহণ করেছে, তারা স্বাধীনতার সঠিক ইতিহাস শিখতে পারেনি। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমনই বলেছেন। শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে ‘খেলাঘর ঢাকা মহানগর উত্তর সম্মেলন ২০২২’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিশু সংগঠন খেলাঘরের ৭০ বছর পূর্তি উপলক্ষে খেলাঘর ঢাকা মহানগর উত্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
কে এম খালিদ বলেন, আজকের শিশুরা অনেক মেধাবী ও প্রতিভার অধিকারী। তারা দেশ-বিদেশ সম্পর্কে প্রচুর জ্ঞান রাখে। তাদের সঠিকভাবে কাজে লাগাতে পারলে উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গঠন কোনো কঠিনতর কাজ হবে না।
তিনি বলেন, ২১ বছরে জাতির যে ক্ষতি হয়েছে তা পূরণ হতে কমপক্ষে ৪২ বছর লাগবে। তাই অভিভাবকদের প্রতি আহ্বান জানাই, বাচ্চাদের স্বাধীনতার সঠিক ইতিহাস শেখান, তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করুন।
অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নবম জাতীয় সংসদে আমি যখন প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হই, তখন তারা ঠিকমতো জাতির পিতার নাম বলতে পারতো না এবং স্বাধীনতার ইতিহাস জানতো না। কিন্তু এখন প্রথম শ্রেণির শিক্ষার্থীও সঠিকভাবে জাতির পিতার নাম বলতে পারে। অভিভাবকরাই এখন বাচ্চাদের সঠিক ইতিহাস শেখাচ্ছেন।
সম্মেলনের প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান কিংবদন্তি অভিনেত্রী আফসানা মিমি’র সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসন প্রফেসর মাহফুজা খানম। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লিয়াকত আলী সিকদার, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ডা. লেলিন চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী ও লাইভ টেকনোলজিস লিমিটেডের ডিরেক্টর ইয়াসির আরাফাত। শুভেচ্ছা বক্তব্য রাখেন খেলাঘর ঢাকা মহানগর উত্তরের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আরিফুর রহমান। স্বাগত বক্তৃতা করেন খেলাঘর ঢাকা মহানগর উত্তরেরর সাধারণ সম্পাদক তাহাজুল ইসলাম ফয়সাল। এর আগে জাতীয় গ্রন্থাগার ভবন চত্বরে পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এ সম্মেলনের স্লোগান নির্ধারণ করা হয়েছে- ‘চাঁদের মতো মুখগুলোকে বাঁচাও কালো আঁধার থেকে।’








