,

নির্বাচনি প্রচারণা শুরু করতে আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে আজ বুধবার সিলেট যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরাবরের মতো হযরত শাহজালাল (রা.) ও শাহপরাণ (রা.) এর মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করবেন তিনি।

বুধবার (২০ ডিসেম্বর) সকালে সিলেটে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ নির্বাচনি সফরের খরচ নির্বাহ হবে আওয়ামী লীগের দলীয় তহবিল থেকে।

প্রধানমন্ত্রীকে বরণ করতে নতুন সেজেছে সিলেট নগরী। তার এ সফরকে ঘিরে ইতোমধ্যে সিলেটে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জাতির পিতার কন্যাকে বরণ করতে সিলেট নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও রাস্তাঘাটসহ পুরো নগরীকে নতুন সাজে সজ্জিত করা হয়েছে।

এছাড়াও সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শোভা বর্ধনকারী ফুল গাছ লাগানো হচ্ছে। প্রস্তুত করা হয়েছে প্রধানমন্ত্রীর জনসভাস্থল সিলেট নগরীর ঐতিহাসিক আলিয়া মাদরাসার মাঠ। মঞ্চ নির্মাণ সম্পন্ন করা হয়েছে। নির্বাচনি আচরণবিধি অনুসরণ করে প্রস্তুত করা হয়েছে জনসভাস্থল।

জনসভায় ঐতিহাসিক কলরেডি মাইক লাগানো হয়েছে। মঞ্চের সামনে বাঁশ দিয়ে চারদিকে শক্ত বেষ্টনী গড়ে তোলা হয়েছে। এসব কাজ তদারকি করছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। একাজে সার্বিক সহযোগিতা করছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের সমাবেশে কয়েক লাখ লোকের জনসমাগম ঘটাতে তৎপরতা চালাচ্ছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর আজ সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে দলের নির্বাচনি প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেট সফরে প্রধানমন্ত্রী ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (রাঃ) ও হযরত শাহপরান (রাঃ) এর মাজার জেয়ারত করবেন। বিকেলে সিলেট সরকারী আলীয়া মাদরাসার মাঠে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন।

এরপর বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ভার্চ্যুয়ালি নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

এছাড়া আগামী ২৯ ডিসেম্বর, শুক্রবার বিকেল ৩টায় বরিশাল জেলা সদরে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর ৩০ ডিসেম্বর, শনিবার গোপালগঞ্জ-৩ নির্বাচনি এলাকায় (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) এবং মাদারীপুর-৩ নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ