বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনে পক্ষপাতদুষ্ট আচরণ করলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো পুলিশ কর্মকর্তা যদি পক্ষপাতদুষ্ট আচরণ করেন, তবে তাঁর বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি পুলিশের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, নির্বাচনের সময় সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে হবে। পুলিশ যেন কোনো দল বা ব্যক্তির প্রতি পক্ষপাতিত্ব না করে, সেদিকে বিশেষ নজর রাখতে হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠন যেন গোপন তৎপরতা চালাতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। নগরবাসীর মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধির জন্য টহল কার্যক্রম জোরদার করতে হবে।

সভার অন্যান্য বক্তব্যে অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার বলেন, ডিএমপির স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হচ্ছে। এছাড়া, থানা ভবনগুলোতে আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে সেবাপ্রত্যাশীদের সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলাগুলো গুরুত্বসহকারে তদন্ত করে দ্রুত আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করতে হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন অহেতুক হয়রানির শিকার না হন, সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া সংশোধিত ফৌজদারি কার্যবিধি যথাযথভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় যুগ্ম-পুলিশ কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন সঞ্চালনা করেন। এতে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (ফিন্যান্স, লজিস্টিকস ও প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) জিললুর রহমান, আইন কর্মকর্তা মোহাম্মদ আতাউল হক, যুগ্ম-কমিশনার, উপ-কমিশনার, অতিরিক্ত উপ-কমিশনার, সহকারী কমিশনার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ