,

নির্বাচন পর্যন্ত সারা দেশে প্রতিদিন আ. লীগের কর্মসূচি থাকবে – ও. কাদের

নির্বাচন পর্যন্ত সারা দেশে প্রতিদিন আ. লীগের কর্মসূচি থাকবে - ও. কাদের

স্টাফ রিপোর্টার – আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী নির্বাচন পর্যন্ত সারা দেশে প্রতিদিনই আওয়ামী লীগের কর্মসূচি থাকবে। মহানগর থেকে ওয়ার্ড পর্যন্ত প্রতিদিনই কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ। কর্মসূচির নামে কোনো সংঘাতে যাচ্ছে না আওয়ামী লীগ। মঙ্গলবার সকালে রাজধানীর মৎস্য ভবন মোড়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় ঢাকার বায়ু দূষণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ওবায়দুল কাদের। সড়কে নিয়মিত পানি দিতে সিটি করপোরেশনকে আহ্বান জানান তিনি। তবে বর্তমানে যেভাবে পানি দেয়া হচ্ছে, সেটি আরও বিপজ্জনক বলে মনে করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, আজ সকালেই দেখেছি দুইটা মোটরসাইকেল বিজয় স্মরণী থেকে ফার্মগেটের মধ্যে দুর্ঘটনার কবলে পড়েছে। বায়ুদূষণে বাংলাদেশের অবস্থান অবশ্যই লজ্জার। এসব মানুষেরই সৃষ্টি।

মন্ত্রী আরও বলেন, রাস্তা ঠিক না করে পানি দেয়ায় আরও ক্ষতি হচ্ছে। এতে রাস্তা কাঁদা হয়ে যাচ্ছে। ফলে কাঁদা ছিটকে পথচারীর পোশাক নষ্ট হয়ে যাচ্ছে। সড়কে শৃঙ্খলা ফেরানো সরকারের প্রায়োরিটি। শৃঙ্খলা না থাকলে কোনো প্রকল্পই কাজে আসবে না।

বিএনপির ইউনিয়ন পর্যায়ের কর্মসূচির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের কর্মসূচি কি হবে প্রশ্ন করলে দলের সাধারণ সম্পাদক বলেন, আমাদের প্রতিদিনই কর্মসূচি। আমাদের যেমন বিভাগে থাকবে, জেলায় থাকবে, উপজেলায় থাকবে, থানায় থাকবে, মহানগরে থাকবে, ইউনিয়নে থাকবে প্রয়োজনে ওয়ার্ডেও থাকবে। নির্বাচন পর্যন্ত সারা বাংলাদেশে আমাদের কর্মসূচি থাকবে।

তিনি আরও বলেন, আমরা আমাদের কর্মসূচি পালন করছি, কোনো সংঘাতে যাচ্ছি না। ২০১৩-১৪ সালে আমরা দেখেছি তারা (বিএনপি) কর্মসূচির নামে আগুন সন্ত্রাস, রেল স্টেশন, ভূমি অফিস পুড়িয়ে দিয়েছিল। জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া আমাদের কর্তব্য। কাজেই সারা বাংলাদেশে আগামী নির্বাচন পর্যন্ত সতর্ক পাহারায় থাকবো।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার আমলে সড়ক যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান। এখন প্রাধান্য দেওয়া দরকার অবকাঠামোগত উন্নয়ন এবং বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনায়। আর এজন্য প্রয়োজন জনগণের সচেতনতা।

ওবায়দুল কাদের বলেন, ইজিবাইকগুলো নীতিমালার মধ্যে নিয়ে আসার জন্য কাজ শেষ পর্যায়ে। সড়কে নিরাপত্তা সবাই চায়, ফলে সবাইকেই এগিয়ে আসতে হবে। তিনি বলেন, মেট্রোরেলের পিলারে যারা পোস্টার লাগিয়েছেন তারা নিজ দায়িত্বে সেগুলো সরাবেন, অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ