,

পানির দাম বাড়াতে চায় ঢাকা ওয়াসা

পানির দাম বাড়াতে চায় ঢাকা ওয়াসা

স্টাফ রিপোর্টার : পানির দাম বাড়াতে চায় ঢাকা ওয়াসা। আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা বোর্ড। ৫ শতাংশ দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে। যদিও বোর্ডের এই সিদ্ধান্তে সন্তুষ্ট নয় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। আবাসিকে ২৫ শতাংশ এবং বাণিজ্যিক সংযোগে ১৯ শতাংশ পর্যন্ত পানির দাম বাড়ানো হতে পারে। ওয়াসার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ স্থানীয় সরকার বিভাগে প্রস্তাবও পাঠিয়েছে।

বর্তমানে ঢাকা ওয়াসার আবাসিক গ্রাহকদের প্রতি ১ হাজার লিটার পানির জন্য দাম দিতে হয় ১৫ টাকা ১৮ পয়সা। ওয়াসার নতুন প্রস্তাব কার্যকর হলে ১ হাজার লিটার পানির জন্য ১৯ টাকা খরচ করতে হবে। অন্যদিকে বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে প্রতি ১ হাজার লিটার পানির দাম বর্তমানে ৪২ টাকা। ওয়াসার নতুন প্রস্তাব অনুযায়ী, বাণিজ্যিক সংযোগে পানির দাম দিতে হবে ৫০ টাকা।

আইন অনুযায়ী, প্রতিবছর ৫ শতাংশ হারে পানির দাম বাড়াতে পারে ঢাকা ওয়াসা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। শুধু ওয়াসা বোর্ডের অনুমোদন নিলেই হয়। ৫ শতাংশের বেশি বৃদ্ধি করতে চাইলে নিতে হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন। আবাসিকে পানির দাম ১৯ টাকা ও বাণিজ্যিকে ৫০ টাকা করার জন্য এখন মন্ত্রণালয়ের অনুমোদন চেয়েছে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ। সবশেষ গত ৬ জুলাই ঢাকা ওয়াসা বোর্ডের সভায় পানির দাম ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছিল। উৎপাদন ও পরিচালন ব্যয় বৃদ্ধির যুক্তি দেখিয়ে তখনই পানির দাম ২০ শতাংশ বাড়ানোর পক্ষে ছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ