,

প্রকাশ্যে বৈরিতা আবার দূতাবাসে ফুল নিয়ে অপেক্ষাই বিএনপির রাজনীতি – কাদের

আ.লীগ ক্ষমতার জন্য কখনও বিদেশিদের কাছে ধরনা দেয় না

স্টাফ রিপোর্টার – আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রকাশ্যে বৈরিতা দেখিয়ে আবার দূতাবাসের দরজায় ফুল আর মিষ্টি নিয়ে অপেক্ষার প্রহর গুণতে থাকাই বিএনপির রাজনীতি। বিএনপির ভারতনীতির সমালোচনা করে এমন কথা বলেন ওবায়দুল কাদের।

শনিবার নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে বিএনপি নেতাদের উদ্দেশে এসব কথা বলেন। তিনি বলেন, তারা দুদেশের মধ্যে গড়ে তুলেছে সংশয় ও অবিশ্বাসের দেয়াল, ছড়িয়েছে সাম্প্রদায়িকতার বিষবাষ্প। ‘বিএনপি সন্ত্রাসে বিশ্বাস করে না’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে দেশের মানুষ জানে বিএনপির বসবাস সন্ত্রাস আর ষড়যন্ত্রের সঙ্গে। বন্দুকের নলের মুখেই তো বিএনপির জন্ম।

ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, আন্দোলনের নামে জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারা, পেট্রলবোমা আর সন্ত্রাস কাদের সৃষ্টি? সন্ত্রাস, সাম্প্রদায়িকতা আর ষড়যন্ত্র এই তিনটি নিয়েই বিএনপির রাজনীতি।

বিএনপির টার্গেট লুটপাট আর দুর্নীতি এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এ দেশের রাজনীতিতে মামলা-হামলা-ষড়যন্ত্র আর সন্ত্রাস-নৈরাজ্যকে লালন করছে বিএনপি, যা এখনও করছে। জনগণের প্রতি বিএনপির কোনো কমিটমেন্ট নেই। আগেও ছিল না, এখনও নেই।

নিজেদের শাসনামলে ভারত সফরের প্রাপ্তি কী ছিল তা দেখতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে কেন্দ্র করে অপপ্রচার আর গুজব না ছড়িয়ে বরং আয়নায় নিজেদের শাসনামল দেখুন।

বিএনপি নেতারা যদি হাতের তালু দিয়ে চোখ ঢেকে রাখে তাহলে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো অর্জন দেখতে না পাওয়ারই কথা বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশবাসীর প্রত্যাশা পূরণ হলেও বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি, কারণ তারা চায় প্রতিবেশীর সঙ্গে বৈরী সম্পর্ক, বিশেষ করে ভারতের সঙ্গে।

বিএনপি তাদের শাসনামলে দ্বিপাক্ষিক কোনো সমস্যার সমাধান করতে পারেনি এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সংশয় ও অবিশ্বাসের দেয়াল ভেঙে রচনা করেছেন দুদেশের মধ্যে সেতুবন্ধন। তারই ধারাবাহিকতায় এবারের সফরও পারস্পরিক বন্ধুত্ব এবং উন্নয়নের পথরেখায় সম্ভাবনার নতুন আলো ছড়িয়েছে।

শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশ কী পেয়েছে, তা এককথায় বলেন কাদের, বৈশ্বিক সংকটের প্রেক্ষিতে দেশের বর্তমান বাস্তবতায় জনগণের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই দিয়েছে ভারত।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ