রাকিব হাসান \ সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধভাবে কিডনি কেনাবেচার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব -১-এর যৌথ অভিযানে রাজধানীর ভাটারা, বনশ্রী ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো চক্রের মূল হোতা মো. শহিদুল ইসলাম মিঠু (৪৯), মো. মিজানুর রহমান (৪৪), মো. আল মামুন ওরফে মেহেদী (২৭), মো. সাইমন (২৮) ও মো. রাসেল হোসেন (২৪) । এ সময় তাদের কাছ থেকে কিডনি ক্রয়-বিক্রয়ের বিভিন্ন চুক্তির এফিডেভিট কপি, ভুক্তভোগীদের পাসপোর্টসহ মোট ১৪টি পাসপোর্ট, কিডনি ক্রসম্যাচিংয়ের বিভিন্ন দলিলাদি, দেশি-বিদেশি মুদ্রা, বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ও ফটোকপি, বিভিন্ন ব্যাংকের চেকবই ও এটিএম কার্ড, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের জাল সিলমোহর, খালি স্ট্যাম্প, সিপিইউ, মোবাইল ও সিমকার্ড জব্দ করে র্যাব সদস্যরা।
রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মোমেন।

তিনি জানান, প্রতিটি কিডনি প্রতিস্থাপনের জন্য রোগীর স্বজনদের কাছ থেকে ২০-২৫ লাখ টাকা আদায় করত গ্রেফতারকৃত চক্রের সদস্যরা । এর বিপরীতে তারা কিডনি ডোনারকে মাত্র ৪ থেকে সাড়ে ৪ লাখ টাকা দেওয়ার আশ্বাস প্রদান করত এবং প্রতিশ্রুতি অনুযায়ী অগ্রিম ২ লাখ টাকা দেয়া হত। কিডনি ট্রান্সপ্লান্টেশনের পর প্রলোভনের শিকার কিডনি দাতাদের প্রতিশ্রুত অর্থ না দিয়ে বিভিন্ন রকম ভয়ভীতি প্রদর্শন করত চক্রের সদস্যরা ।
লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে কিডনি কেনাবেচা এই চক্রের সদস্য রয়েছে ১৫ থেকে ২০ জন। তারা মূলত তিন ভাগে বিভক্ত হয়ে কিডনি ক্রয়-বিক্রয়ের এই অবৈধ কার্যক্রম পরিচালনা করে থাকে। তারা পার্শ্ববর্তী দেশে অবস্থানরত চক্রের অপর সদস্যদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রায় শতাধিক মানুষকে ওই দেশে পাঠিয়ে কিডনি প্রতিস্থাপন করিয়েছে বলে জানা গেছে।”
চক্রের কার্যক্রম সম্পর্কে অধিনায়ক বলেন, তাদের প্রথম গ্রুপ ঢাকায় অবস্থান করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিডনি ট্রান্সপ্লান্টেশন প্রয়োজন এমন বিত্তশালী রোগীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। চক্রের দ্বিতীয় দলটি প্রথম দলের চাহিদা মোতাবেক দেশের প্রত্যন্ত অঞ্চলের গরিব ও অভাবী মানুষদের চিহ্নিত করে এবং তাদের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে অর্থের বিনিময়ে কিডনি প্রতিস্থাপনের জন্য প্রলুব্ধ করে ঢাকায় নিয়ে আসে।

এরপর তৃতীয় গ্রুপটি প্রলোভনের শিকার ভুক্তভোগী কিডনি ডোনারদের ঢাকায় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে কিডনি ট্রান্সপ্লান্টেশন প্রত্যাশী রোগীর সঙ্গে ব্লাড ম্যাচিং এবং অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করায়। ব্লাড ম্যাচিং এবং অন্যান্য ডায়াগনস্টিক টেস্টে কিডনি ট্রান্সপ্লান্টেশনের উপযুক্ততা নিশ্চিত হলে, তার পাসপোর্ট, ভিসা প্রসেসিং এবং ভুয়া কাগজপত্র তৈরির মাধ্যমে ডোনারকে পার্শ্ববর্তী দেশে পাঠানোর জন্য প্রস্তুত করে।
এই চক্রের সঙ্গে পার্শ্ববর্তী দেশে অবস্থানকারী আরেকটি চক্র সমন্বয়ের মাধ্যমে কিডনি ডোনারকে বিদেশের এয়ারপোর্ট অথবা স্থলবন্দরে রিসিভ করা থেকে শুরু করে হাসপাতালের ডকুমেন্টেশন, অস্ত্রপাচারসহ যাবতীয় কার্যক্রম শেষ করায় । তারপর ডোনারকে বৈধ বা অবৈধ উপায়ে বিমান বা উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকা দিয়ে দেশে ফেরত পাঠায়।

আব্দুল্লাহ আল মোমেন আরও বলেন, “চক্রের মূল হোতা ও অন্যতম অভিযুক্ত মো. শহিদুল ইসলাম মিঠু ২০১৬ সালে নিজের চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেশে গিয়েছিল। সেখানে অবস্থানকালীন সময়ে কিডনি প্রতিস্থাপনের রোগীদের ব্যাপক চাহিদা দেখতে পায় এবং সেখান থেকে নিজেই কিডনি প্রতিস্থাপনের অবৈধ ব্যবসা পরিচালনা শুরু করে। পার্শ্ববর্তী দেশে অবস্থানরত কিডনি ক্রয়-বিক্রয় চক্রের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশে কিডনি ক্রয়-বিক্রয়ের দালাল চক্র প্রতিষ্ঠা করে। অনলাইনের মাধ্যমেই আগ্রহী বিত্তশালী কিডনি রোগী এবং বিভিন্ন এলাকা থেকে স্থানীয় দালালদের মাধ্যমে কিডনি ডোনার সংগ্রহসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করত। সে এখন পর্যন্ত অর্ধশতাধিক বেশি কিডনি ক্রয়-বিক্রয় করেছে বলে প্রাথমিকভাবে র্যাবের কাছে স্বীকার করেছে।”
তিনি জানান, “গ্রেফতারকৃত মো. মিজানুর রহমান কিডনি ডোনারদের পার্শ্ববর্তী দেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় পাসপোর্ট, ব্যাংক এনডোর্সমেন্ট, মেডিকেল ডকুমেন্টস, ভিসা এবং অন্যান্য কাগজপত্র তৈরি করে থাকে। তবে যেসব ব্যক্তির কাগজপত্র সঠিক থাকে না কিংবা প্রয়োজনীয় ডকুমেন্টের ঘাটতি থাকে, তাদের কাগজপত্র জাল-জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করে থাকে এবং সে ১০ বছরের অধিক সময় ধরে এ কাজ করে আসছিল বলে জানায়।”
চক্রের অপর সদস্য “মো. সাইমন গত ১ বছর আগে এবং মো. আল মামুন ওরফে মেহেদী গত ৬ মাস আগে চক্রটির মাধ্যমে জনপ্রতি ৪ লাখ টাকায় কিডনি বিক্রয় করে। পরবর্তীতে দ্রুততম সময়ে অধিক পয়সা উপার্জনের লোভে চক্রের সঙ্গে জড়িয়ে পড়ে এবং কিডনি ডোনার ও ক্রেতা সংগ্রহে লিপ্ত হয়। তারা নিজেদের সুস্থতার প্রমাণ দেখিয়ে অন্যান্য ডোনারদের কিডনি বিক্রয়ে আগ্রহী করত। এ পর্যন্ত তারা ১০ জনের কিডনি বিক্রয় করেছে বলে জানা যায়।”অপরদিকে, “গ্রেফতারকৃত মো. রাসেল হোসেন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে টাকার প্রলোভন দেখিয়ে সম্ভাব্য ডোনার সংগ্রহ করত।
র্যাব বলছে, “চক্রটি কিডনি রোগে আক্রান্ত রোগীদের পার্শ্ববর্তী দেশে কিডনি চিকিৎসায় সহায়তার নাম করে,অধিক অর্থ আয়ের উদ্দেশ্যে, কিডনি প্রতিস্থাপনে উৎসাহিত করত। কিডনি রোগে আক্রান্ত রোগীদের সেবা প্রদানের আড়ালে তারা এই ভয়ংকর কিডনি কেনাবেচার সিন্ডিকেট পরিচালনা করছিল বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়”
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিস্ট থানায় হস্তান্তরের মাধ্যমে আদালতে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে ।








