শাহনাজ পারভীন এলিস
প্রথমবারের মতো বাংলাদেশে চালু হতে যাচ্ছে সেন্টারভিত্তিক ৭৫০ শয্যার সুপার স্পেশাইলজড হাসপাতাল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে নির্মিত বিশেষায়িত এই হাসপাতাটির কার্যক্রম আগামীকাল বুধবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে বুধবার সকাল ১০টায় ভার্চুয়ালি যুক্ত হবেন তিনি। বিশ্বমানের অনুসরণীয় এই মডেল হাসপাতাল নির্মাণের সার্বিক দিক নিয়ে পথে প্রান্তরের কথা বলেছেন হাসপাতালটির প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. জুলফিকার রহমান খান।
সুপার স্পেশালাইজড হাসপাতালের বিশেষত্ব সম্পর্কে জানতে চাইলে ডা. জুলফিকার রহমান খান বলেন, ‘এই হাসপাতালের কার্যক্রম চালু হওয়ার মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় নতুন যুগের সূচনা হবে। কারণ সেন্টারভিত্তিক এই হাসপাতালে সর্বাধুনিক সব ধরনের বিশেষায়িত চিকিৎসা সেবা পাবেন রোগীরা। দেশের মানুষ যাতে উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে নির্মিত হয়েছে এই সুপার স্পেশাল হাসপাতাল। এখানে রোগীরা বিশ্বমানের সব ধরনের চিকিৎসা সেবা পাবেন। অনেক রোগীকে চিকিৎসার জন্য আর দেশের বাইরে যেতে হবে না। মূলত এদেশের রোগীদের বিদেশমুখিতা কমাতে দেশেই বিশ্বমানের এই হাসপাতাল।’ 
সেবা কার্যক্রমের মধ্যে কী কী থাকবে এমন প্রশ্নের জবাবে প্রকল্প পরিচালক জানান, এই হাসপাতালে চিকিৎসকদের জন্য অত্যাধুনিক পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিংয়ের ব্যবস্থা, বায়োমেডিক্যাল রিসার্চ, জিন থেরাপি, রোবটিক সার্জারি এবং জনগণের জন্য উচ্চমানসম্পন্ন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। এছাড়া হৃদরোগ, কিডনি, লিভার, গল ব্লাডার ও প্যানক্রিয়েটিক, অরগান ট্রান্সপ্লান্ট, নিউরোসার্জারিসহ বিভিন্ন জটিল রোগের বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে; যা বাংলাদেশে চিকিৎসাক্ষেত্রে নতুন মাইলফলক হয়ে থাকবে। এছাড়াও এই হাসপাতালে থাকছে- বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন, রোবোটিক অপারেশন, জিন থেরাপির ব্যবস্থা। চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের জন্য রাখা হচ্ছে বিশ্বমানের প্রশিক্ষণ ব্যবস্থা এবং মৌলিক গবেষণার জন্য আলাদা সেন্টার।
প্রতিদিন কতজন রোগী সেবা নিতে পারবে? এ প্রশ্নে ডা. জুলফিকার রহমান খান বলেন, রেফার্ডভিত্তিক এই হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ৫ থেকে ৮ হাজার রোগীর সেবাদানের ব্যবস্থা রয়েছে। সেবা অত্যাধুনিক মানের হলেও সুপার স্পেশাইলজড হাসপাতালে একজন রোগীর জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। ভর্তি রোগীদের জন্য সর্বাধুনিক মানের কেবিন, ওয়ার্ডের ব্যয়ও রাখা হয়েছে সাধারণ মানুষের সামর্থ্যরে মধ্যে। এছাড়া নিম্ন আয়ের সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার সুযোগও থাকবে। 
হাসপাতালের জনবলের ব্যাপারে ডা. জুলফিকার জানান, রোগীদের জন্য মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে ৩শ’ চিকিৎকসহ মোট ১ হাজার ৭শ’ জনবল নিয়োগ করা হবে। এরই মধ্যে একশ’ জন চিকিৎসক, নার্স, ব্যবস্থাপনা বিভাগ ও টেকনিক্যাল কর্মকর্তাকে দক্ষিণ কোরিয়া থেকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণ নিতে যাচ্ছেন আরও ৫০ জন। উন্নত চিকিৎসাসেবার পাশাপাশি উন্নত গবেষণা ও প্রশিক্ষণের দিগন্ত প্রসারিত হবে। কিডনি ও লিভার ট্রান্সপ্লান্টের সুবিধা থাকবে এই হাসপাতালে। এ লক্ষ্যে ৮০ জন চিকিৎসক ৩০ জন নার্স ও ১০ জন কর্মকর্তার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ৬১০ জন স্বাস্থ্যকর্মীকেও প্রশিক্ষণ দেয়া হবে।
সেবা ব্যবস্থাপনার ধরন কী হবে- এই প্রসঙ্গে তিনি বলেন, এখানে সব ধরনের জরুরি রোগীদের দ্রুততম সময়ে সেবা দেওয়া হবে। জরুরি বিভাগেই অপারেশন থিয়েটার থাকবে। রোগীর অবস্থা নির্ণয়ে সিটি স্ক্যান, এমআরআইসহ সব ধরনের পরীক্ষার ব্যবস্থা জরুরি বিভাগেই থাকবে। উদ্দেশ্য দেশের মানুষ যেন সর্বোত্তম সেবা পায়; কাউকে যেন বাইরে যেতে না হয়। এছাড়া ভিআইপি, ভিভিআইপি, ডিলাক্স কেবিনসহ ৫৪০টি শয্যা থাকবে।
সুপার স্পেশালাইজড হাসপাতালের বিভিন্ন বিভাগে রয়েছে ১৪টি মডিউলার অত্যাধুনিক অপারেশন থিয়েটার। সেখানকার সব লাইটের সাথে স্থাপন করা হয়েছে ক্যামেরা। থাকবে ১০০টি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) শয্যা। এর মধ্যেই এনআইসিইউ, পিআইসিইউ এবং মেডিকেল সার্জিকেল আইসিইউ থাকবে। 
জরুরি বিভাগে থাকবে ১শ’টি শয্যা, ভিভিআইপি কেবিন ৬টি, ভিআইপি কেবিন ২২টি এবং ডিলাক্স শয্যা থাকবে ২৫টি। সেন্টার ভিত্তিক প্রতিটি ওয়ার্ডে স্থাপন করা হচ্ছে ৮টি করে শয্যা। গুণগতমান বজায় রাখতে দক্ষিণ কুরিয়া থেকে আনা হয়েছে এর বেশিরভাগ সরঞ্জাম ও আসবাবপত্র। হাসপাতালের সব বিভাগে সিটিস্ক্যান, এমআরআই মেশিন, কম্পিউটার ও সর্বধুনিক মেডিকেল যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে।
হাসপাতালটির কার্যক্রম সম্পর্কে প্রকল্প পরিচালক জানান, রোগীবান্ধব এই হাসপাতালে রয়েছে সানকেন গার্ডেন, রুফটপ গার্ডেন ও বিভিন্ন পরিবেশবান্ধব সুযোগ-সুবিধা; থাকবে উন্নতমানের আধুনিক ব্যবস্থাপনার বহির্বিভাগ ও ইনফো ডেস্ক ও ডিজিটাল ইনফরমেশন সেন্টার। সব কার্যক্রম পরিচালিত হবে ৬টি বিশেষায়িত সেন্টারের মাধ্যমে। এসব সেন্টারে ২ বছরের জন্য নিয়োজিত থাকবেন ৫৬ জন কুরিয়ান কনসালটেন্ট। এদেশীয় জনবলকে প্রশিক্ষিত করতে তারা ভূমিকা রাখবেন। এছাড়া সেবাখাতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা আমাদের দেশীয় জনশক্তিকে বাংলাদেশে ফিরিয়ে এনে এই হাসপাতালে নিয়োগের পরিকল্পনাও চলছে।
প্রকল্প পরিচালক হাসপাতাল ভবনের ব্যবস্থাপনার ব্যাপারে বলেন, দক্ষিণ কোরিয়া সরকারের অর্থায়নে নির্মিত ১৩তলা বিশিষ্ট এই হাসপাতাল ভবনে ২টি বেসমেন্টসহ থাকবে বিশ্বমানের সব ধরনের সেটআপ। ভিত্তিপ্রস্তর স্থাপন থেকে শুরু করে হাসপাতাল নির্মাণকাজের সার্বিক তত্ত্বাবধান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই ভবনটির নির্মাণকাজ চলাকালে মানের ব্যাপারে কোন আপস করা হয়নি। এই হাসপাতালে রিসিভশন থেকে শুরু করে সব কাজই পরিচালিত হবে কম্পিউটার বেইজড অটোমেশন সিস্টেমে।
হাসপাতালে থাকছে দ্বিতলবিশিষ্ট অটোমেটিক পার্কিং সিস্টেম; সেখানে একসঙ্গে ২শ’ গাড়ি পার্ক করা যাবে। কোন গাড়িকে পার্কিংএ যেতে হলে কার্ড ব্যবহার করে প্রবেশ করতে হবে এবং বের হওয়ার সময়ও কার্ড ব্যবহার করেই বাইরে আসতে হবে। পুরো হাসপাতালের কার্যক্রম থাকবে সিসিটিভি ক্যামেরার পর্যবেক্ষণে। সেই সঙ্গে পুরো হাসপাতালেই থাকবে অডিও অ্যালাউন্স সিস্টেম। জরুরি তথ্য সরবরাহ ও ঘোষণার জন্য প্রতিটি ফ্লোরে স্পিকারের মাধ্যমে অ্যানাউন্স করে সতর্ক করা হবে। যেমন কোন রোগীর চিকিৎসার প্রয়োজনে তাৎক্ষণিকভাবে যদি কোন চিকিৎসককে খুঁজে পাওয়া না যায় তাহলে স্পিকারের মাধ্যমে সেই চিকিৎসককে ডেকে পাঠানোসহ রোগীর চিকিৎসার ব্যবস্থা তাৎক্ষণিক উদ্যোগ নেওয়া হবে।
হাসপাতালের পরিচ্ছন্নতা ও মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রকল্প পরিচালক বলেন, সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসক ও রোগীদের পোশাক এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা চলবে মাইক্রোওয়েব ম্যানেজমেন্ট সিস্টেমে। প্রতি ঘণ্টায় ৫ হাজার পিস কাপড় পরিশোধন করা যাবে। আলাদা করে ইস্ত্রি করারও প্রয়োজন হবে না। এছাড়া হাসপাতালের চিকিৎসক ও রোগীদের জন্য খাবার সরবরাহের অত্যাধুনিক মানের কিচেন ব্যবস্থাপনাও রাখা হয়েছে।
হাসপাতাল ভবনের নিরাপত্তার ব্যাপারে তিনি জানান, অটোমেটিক অগ্নিনির্বাপক পদ্ধতি থাকায় ভবনের কোথাও যদি আগুন লাগে তাহলে একটি ফায়ারঅ্যালাম বেজে উঠবে। একই সাথে যে স্থান থেকে আগুনের উৎপত্তি হবে সেসব স্থানে অটোমেটিক পানির ঝর্নাপ্রবাহ শুরু হবে। প্রতিটি ফ্লোরে দুটি করে সিস্টেম করা থাকবে একটি দিয়ে গ্যাস, অন্যটি দিয়ে পানি স্প্রে করা হবে। এছাড়া উন্নত যন্ত্রপাতি যেসব রুমে স্থাপিত হয়েছে, সেই সব রুমে অগ্নিনির্বাপকের জন্য গ্যাসের ব্যবস্থা রয়েছে। গ্যাসের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণ হবে; কিন্তু মেশিনের কোন ক্ষতি হবে না।
ফায়ার ফাইটিং সিস্টেম ছাড়াও হাসপাতালের কোন একটি টয়লেটের ট্যাপও যদি নষ্ট হয় তাও কন্ট্রোল আইকনে সিগনাল দেবে। হাসপাতালের কোথাও ডিজাস্টার হলেও অ্যালার্ম বেজে উঠবে। এসব ব্যবস্থাপনা মনিটরিং এর জন্য অত্যাধুনিক এই হাসপাতালের মূল ভবনের সামনে একটি বিল্ডিং কন্ট্রোল সেন্টার স্থাপন করা হয়েছে।
সুপার স্পেশাল হাসপাতালের উদ্বোধনী আয়োজন সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, নবনির্মিত হাসপাতাল ভবনের অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। এতে স্বাগত বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। এরপরই স্বপ্নের উম্মোচন ডকুমেন্টরি দেখানো হবে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব, কোরিয়ান রাষ্ট্রদূত এবং কোরিয়ান দাতা সংস্থার প্রধান যারা এই হাসপাতালটি নির্মাণে সহযোগিতা করেছেন তাদের প্রতিনিধিরা। থাকবেন কোরিয়ান নির্মাণকারী প্রতিষ্ঠান, সবরাহকারি প্রতিষ্ঠান, সুপারভিশন প্রতিষ্ঠানের সদস্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। এছাড়াও উপস্থিত থাকবেন প্রজেক্ট ডিরেক্টর অধ্যাপক ডা. জুলফিকার রহমান খান, ভিআইপি-ভিভিআইপি অতিথিরা।
প্রকল্প সংশ্লিষ্টরা আরও জানান, সুপার স্পেশালাইজড হাসপাতালটি নির্মাণে ব্যয় হয়েছে ১ হাজার ৩শ’ কোটি টাকা। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার সরকার দিয়েছে ১ হাজার কোটি টাকা; যা ৪০ বছর মেয়াদি। এর প্রথম ১৫ বছর কোনো টাকা পরিশোধ করতে হবে না। তারপর থেকে ০.১ শতাংশ সুদে এই ঋণ শোধ দেওয়া শুরু করবে সরকার।
২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএসএমএমইউকে সেন্টার অব এক্সিলেন্সে পরিণত করার উদ্যোগ নেন। সেই লক্ষ্যে ২০১২ সালে হাসপাতাল সংলগ্ন পাশের প্রায় ১২ বিঘা জমি অধিগ্রহণ করেন। পরে ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি জনগণের জন্য বিশেষায়িত সেবা নিশ্চিত করার লক্ষ্যে ১ হাজার ৩৬৬ কোটি টাকা ব্যয়ে এই সুপার স্পেশালাইজড হাসপাতাল স্থাপনের প্রকল্প একনেকে অনুমোদন করা হয়। পরে দক্ষিণ কোরিয়া সরকারের ইডিসিএফের অর্থায়নে ১ হাজার ৪৭ কোটি টাকা ঋণ সহযোগিতার মাধ্যমে প্রকল্পটির নির্মাণ কাজ শুরু হয়। ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর ৭৫০ শয্যার এই সুপার স্পেশাইলজড হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।








