দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৬ নভেম্বর (রোববার) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৪ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ড সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সব প্রার্থীকে (জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভ কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপিসহ) যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
এর আগে শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৪টি বিভাগে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান কাদের। তিনি বলেন, চারটি বিভাগে মনোনয়ন চূড়ান্ত করেছি। রোববারের মধ্যে ৩০০ আসনের প্রার্থীতা ঘোষণা করতে পারব। নতুন এসেছে, কিছু বাদও পড়েছে। জয়ী হবে এমন প্রার্থী বাদ দেয়া হয়নি।
তিনি বলেন, আমরা মনোনয়নের ব্যাপারটা সুনির্দিষ্ট করে এখন বলছি না, কারণ এর মধ্যে আমরা যে সকল প্রার্থী দিয়েছি, সেসব মনোনয়নে ভুলত্রুটিও থাকতে পারে। সেটাও সংশোধনের একটা সুযোগ রেখেছি। এ কারণে আমরা ঠিক করেছি, ভিন্নভাবে, জেলা বা বিভাগওয়ারি প্রার্থিতা ঘোষণা করবো না। একসঙ্গে ৩০০ আসনের প্রার্থিতা ঘোষণা করতে চাই।
ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। আর ভোট হবে আগামী ৭ জানুয়ারি।








