,

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতীয় সেনাপ্রধান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ দেখা করলেন ভারতীয় সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করলেন সফররত ভারতীয় সেনাপ্রধান মনোজ পাণ্ডে। এদিন মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে (ডিএসসিএসসি) দেশি-বিদেশি প্রশিক্ষণার্থীদের উদ্দেশেও বক্তব্য রাখবেন ভারতের সেনাপ্রধান।

পাশাপাশি রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) ও বঙ্গবন্ধু সামরিক জাদুঘর পরিদর্শন করবেন মনোজ পাণ্ডে ও তার সফরসঙ্গীরা। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সোমবার সেনাবাহিনী সদর দফতরে সৌজন্য সাক্ষাৎ করেন জেনারেল মনোজ পাণ্ডে। আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

জেনারেল মনোজ পাণ্ডে বলেন, ভারতের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর। এর মাধ্যমে বাংলাদেশের প্রতি তার শ্রদ্ধা এবং উভয় সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও পেশাদারি সম্পর্কের ভিত্তি সুপ্রকাশিত হলো।


সোমবার সেনা সদরে যাওয়ার আগে জেনারেল মনোজ পাণ্ডে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে এবং সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন। বিকেলে প্রতিনিধি দলটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং জাদুঘরটি ঘুরে দেখেন।

পরে জেনারেল মনোজ পাণ্ডে প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। নৌ সদর দফতরে তাকে স্বাগত জানান নৌবাহিনীর প্রধান (অপারেশনস) রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক। সৌজন্য সাক্ষাতে তারা দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোসহ বিভিন্ন দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ