স্টাফ রিপোর্টার : নোয়াখালীর চাটখিল উপজেলায় ফাঁসির অভিনয়ের টিকটক ভিডিও করতে গিয়ে সানজিদা আক্তার (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ফাঁসির অভিনয়ের ভিডিও করতে গিয়ে গলায় ফাঁস লেগে মারা যায়।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নিহত সানজিদা উপজেলার শিবপুর গ্রামের মনজুরুল ইসলামের মেয়ে এবং একই এলাকার শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে টিকটকের জন্য সানজিদা ঘরের আলমারির ওপর উঠে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁসির অভিনয় করে ভিডিও ধারণ করতে যায়।
ওই সময় পা ফসকে আলমারি থেকে পড়ে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লেগে যায় তার। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।








