,

ফুলপরীর নতুন ঠিকানা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল

ফুলপরীর নতুন ঠিকানা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল

স্টাফ রিপোর্টার – ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে রাতভর নির্যাতন ও বিবস্ত্রের ঘটনায় অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় নির্যাতনের শিকার ফুলপরী খাতুনকে তার পছন্দমতো যে কোনো হলে আবাসিকতার নির্দেশ দেন হাইকোর্ট। এর পরিপ্রেক্ষিতে শনিবার নিজের পছন্দমতো বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে উঠেছেন তিনি।

এদিন বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. সেলিনা নাসরিন ফুলপরীকে বঙ্গমাতা হলে স্থানান্তরিত করে দেন। এ সময় উপস্থিত ছিলেন- নির্যাতিত শিক্ষার্থী ফুলপরীর বাবা ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মো. রাশিদুজ্জামান।

এ প্রসঙ্গে ফুলপরী খাতুন বলেন, ‘আমি আমার পছন্দমতো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে উঠেছি। আমি বিশ্ববিদ্যালয়ে ফিরে ভালো অনুভব করছি।’

অন্যায়ের প্রতিবাদ করায় দেশবাসী পাশে দাঁড়িয়েছে বলে সবার প্রতি কৃতজ্ঞতা জানান ভুক্তভোগী এই ছাত্রী। তিনি বলেন, ‘আমি পড়াশুনা করে দেশের উন্নয়ন করব। আমার সঙ্গে যে ঘটনা ঘটেছে তা যেন আর কারও সঙ্গে না ঘটে এ বার্তা সকলের কাছে পৌঁছে দিতে চাই।’

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মো. রাশিদুজ্জামান বলেন, ‘আমি ফুলপরীর হল আবাসিকতার আবেদনপত্র পেয়েছি। ফুলপরী যেহেতু আমাদের এই হল পছন্দ করেছে, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক আমরা তাকে তার পছন্দসই রুমে আবাসিকতা প্রদান করব।’

প্রসঙ্গত, গত ১১ ও ১২ ফেব্রুয়ারি ইবির দেশরত্ন শেখ হাসিনা হলে ফুলপরীকে রাতভর র‌্যাগিং, শারীরিক নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করার অভিযোগ উঠে। ঘটনার সঙ্গে শাখা ছাত্রলীগ সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, তাবাসসুম ইসলাম, ইশরাত জাহান মীম, হালিমা আক্তার উর্মি ও মুয়াবিয়া জাহানসহ কয়েকজন জড়িত ছিলেন।

পরে ভুক্তভোগীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৫ ফেব্রুয়ারি একটি তদন্ত কমিটি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া হাইকোর্ট ওই পাঁচ ছাত্রী এবং সংশ্লিষ্ট হলের প্রভোস্টকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। ছাত্রলীগ থেকেও তাদের বহিষ্কার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ