,

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভারতের নতুন হাইকমিশনারের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভারতের নতুন হাইকমিশনারের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার – বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। নতুন হাইকমিশনার জাদুঘরের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেন এবং সেখানে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

বৃহস্পতিবার বিকেলে জাদুঘরে পৌঁছালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান হাইকমিশনারকে স্বাগত জানান। রাজধানীতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার পরই জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে জাদুঘরে যান ভার্মা।

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তিনি তার পরিচয়পত্র পেশ করেন। বিষয়টি নিয়ে ব্রিফ করেন রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন। ব্রিফিংয়ে তিনি জানান, ভারতের নতুন হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভারত-বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ভারত সরকার এবং জনগণের অকুণ্ঠ সমর্থন ছিল। সেই থেকেই বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে।

আশা প্রকাশ করে রাষ্ট্রপতি বলেছেন, ভারতের নতুন হাইকমিশনারের দায়িত্ব পালনকালে দু’দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। বর্তমান প্রেক্ষাপটে বৈশ্বিক সমস্যা বিশেষ করে করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় আন্তঃদেশীয় সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, বাংলাদেশ ও ভারত এ পরিস্থিতি থেকে উত্তরণে বিভিন্ন ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করবে।

সাক্ষাৎকালে ভারতের নতুন হাইকমিশনার বলেন, বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি ও সম্পর্কোন্নয়নে গুরুত্ব দেয় তার দেশ। তিনি বাংলাদেশে দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

এর আগে ভিয়েতনামে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন প্রণয় কুমার ভার্মা। ২০১৯ সালের ২৫শে জুলাই ভিয়েতনামে রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ার আগে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব এশিয়া বিভাগে নিয়োজিত ছিলেন। তার আগে এ কূটনীতিক ভারতের পরমাণু কূটনীতিক হিসেবে অ্যাটমিক এনার্জিতে কাজ করেন। প্রণয় কুমার ভার্মা ১৯৯৪ সালে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেন। তিনি হংকং, সানফ্রানসিসকো, বেইজিং, কাঠমান্ডু ও ওয়াশিংটনে দায়িত্ব পালন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ