স্টাফ রিপোর্টার: দেশের মানুষকে বন্যা থেকে রক্ষার জন্য আগাম প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এই নির্দেশ দেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম এ তথ্য জানান। তিনি বলেন, আবহাওয়ার যে পূর্বাভাস, তাতে আগস্টের দিকে বন্যার শঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন থেকেই মন্ত্রী-সচিবদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
মন্ত্রী বলেন, তিনি (প্রধানমন্ত্রী) ধারণা করছেন, আমাদের বন্যা হতে পারে। আমাদেরকে বলেছেন প্রস্তুত থাকতে, বন্যা যদি হয়েই যায়, তাহলে আমরা যেন দ্রুত ব্যবস্থা নিতে পারি। সারাদেশেই বন্যর শঙ্কা রয়েছে কি না – এমন প্রশ্নে পরবর্তীকালে পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী সেভাবে বলেননি, তবে আমাদের প্রস্তুত থাকতে বলেছেন, যেহেতু বন্যার শঙ্কা রয়েছে।
একনেক বৈঠকে প্রধানমন্ত্রী আরো বলেন, ঢাকার আশপাশে কৃষিজমি দেখা যায়, সেগুলোতে আবাসন কাজ হচ্ছে। কৃষিকাজ যেন ব্যাহত না হয় সেই উদ্যোগ নিতে হবে। ভূমি অধিগ্রহণ বিশেষভাবে দেখতে হবে। কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য তিন ফসলি এলাকায় প্রকল্প নেয়া যাবে না।
এদিন রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলতি অর্থবছরের প্রথম একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রায় ৫ হাজার ৪৫৯ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ের ১১টি প্রকল্প অনুমোদন পায়। এর মধ্যে সরকারি অর্থায়নে ৫ হাজার ২১৪ কোটি ৩৪ লাখ টাকা, বিদেশি অর্থায়ন থেকে ১৪০ কোটি ৪৪ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১০৫ কোটি ৯ লাখ টাকার জোগান দেবে সরকার। বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালামের সঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকারও উপস্থিত ছিলেন।








