মলয় বিকাশ দেবনাথ – বাংলাদেশ ও ভারতের চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করোনা মহামারির সময়ও ম্লান হয়নি, বরং তা আরও দৃঢ় হয়েছে। সোমবার সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ‘অনেকগুলো বিষয়ে আলোচনা হয়েছে, সমঝোতা হয়েছে। দুই দেশের তথ্য ও সম্প্রচার ক্ষেত্রেও চুক্তি হয়েছে। এই সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর হবে বলে আমার স্থির বিশ্বাস।’
দোরাইস্বামীর সঙ্গে সাক্ষাতের পর তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ভারত ও বাংলাদেশের মৈত্রী রক্তের অক্ষরে রক্তের বন্ধনে আবদ্ধ। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এ বন্ধন আরও দৃঢ় হয়েছে।’
ড. হাছান বলেন, ‘গত সপ্তাহে প্রধানমন্ত্রী অত্যন্ত সফল একটি ভারত সফর করেছেন। এ সফরে অনেকগুলো অর্জন আছে। যেমন, কুশিয়ারা নদীর পানি আমাদের পক্ষে বন্টন, ভারতের স্থলভাগের ওপর দিয়ে তৃতীয় দেশের সঙ্গে বাংলাদেশের আমদানি-রফতানি সুবিধা যার জন্য আমরা বহুদিন ধরে চেষ্টা করছিলাম, আলাপ আলোচনার মধ্যেই ছিলাম। সেটি এ সফরে সুরাহা হয়েছে, এটি একটি বড় অর্জন।’
এই সফর সফল করার ক্ষেত্রে ভারতের হাইকমিশনার দোরাইস্বামীর অনেক বড় ভূমিকা ছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দোরাইস্বামী অত্যন্ত কর্মদক্ষ হাইকমিশনার। তার কর্মকালে ভারত-বাংলাদেশ মৈত্রীবন্ধন আরও মজবুত হয়েছে। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।’
এ সফরে প্রস্তাবিত চুক্তিতে সংযোগ, নতুন বাজার, সহযোগিতা ও অংশীদারত্বসহ নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করবে। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন অনুসারে, পারস্পরিক স্বীকৃতি চুক্তি, মান সমন্বয়, সীমান্ত হাট, রেল-বন্দর অবকাঠামো, সীমান্ত হাট, আঞ্চলিক সংযোগসহ পারস্পরিক স্বার্থে বিভিন্ন বিষয়কে একীভূত করবে সিইপিএ। এছাড়া সবুজ ও নবায়নযোগ্য প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে এই চুক্তি। এছাড়া কুশিয়ারা চুক্তির অধীনে ভারত ও বাংলাদেশের যৌথ নদী কুশিয়ারা থেকে ১৫৩ কিউসেক পানি উত্তোলন করবে বাংলাদেশ।
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দফতরে সাক্ষাতের সময় তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন উপস্থিত ছিলেন।








