স্টাফ রিপোর্টার – কয়েকদিন আগে বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের মর্টার শেল পড়েছিল। এবার বান্দরবানে বোমা ও গুলি নিক্ষেপ করল মিয়ানমার। সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুটি যুদ্ধ বিমান ও দুটি ফাইটিং হেলিকপ্টার থেকে ২ গোলা নিক্ষেপ করেছে মিয়ানমার।
শনিবার সকাল ৯টা ২০ মিনিটে উপজেলার ঘুমধুম ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী বিজিবি বিওপি আওতাধীন সীমান্ত পিলার ৪০-৪১ এর মাঝামাঝি স্থানে মিয়ানমার সেনাবাহিনীর দুটি যুদ্ধ বিমান এবং দুটি ফাইটিং হেলিকপ্টারথেকে আনুমানিক ৮-১০টি গোলা বর্ষণ করা হয়। হেলিকপ্টার থেকে আনুমানিক ৩০-৩৫টি ফায়ার করতে দেখা গেছে। এমনটিই জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
সীমান্ত পিলার ৪০ বরাবর আনুমানিক ১২০ মি. বাংলাদেশের অভ্যন্তরে যুদ্ধ বিমান হতে ফায়ার করা ২টি গোলা পতিত হয়। এছাড়াও ঘুনধুম ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের তুমব্রু বিজিবি বিওপির সীমান্ত পিলার ৩৪-৩৫ এর মাঝামাঝি মায়ানমার ২ বিজিপির তুমব্রু রাইট ক্যাম্প থেকে ৪ রাউন্ড ভারী অস্ত্রের ফায়ার করেন। মুরিঙ্গাঝিরি ক্যাম্পে ও তুমব্রু রাইট ক্যাম্প থেকে থেমে থেমে মর্টার ফায়ার চলমান রয়েছে বলে জানা যায়। বান্দরবান জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।








