স্টাফ রিপোর্টার – ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছে শনিবার। রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার পুরাতন মাঠে দলটির নেতাকর্মীদের ঢল দেখা গেছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান রীতিমত জনসমুদ্রে রূপ নিয়েছে। আর এ জনসমুদ্র দিয়েই বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের খেলা শুরু হয়ে গেছে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেছেন, ঢাকা আওয়ামী লীগের ঘাঁটি। ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন থেকেই বিএনপির বিরুদ্ধে খেলা শুরু। ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। আর বিএনপি শুনছি ১০ ডিসেম্বর ক্ষমতা দখল করে নিবে, মন্ত্রী পরিষদও গঠন করে ফেলছে। কীভাবে করেন, আমি জানি না। কিন্তু আওয়ামী লীগ জনগণের কাতারে থাকে, জনগণের ম্যান্ডেট নিয়ে চলে। এ সমাবেশে জনতার উপস্থিতি দেখে মনে হয় আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে। আগামী নির্বাচনে শেখ হাসিনার নৌকাকে জিতিয়ে প্রধানমন্ত্রী হবেন।
জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিএনপি দেশকে ৫০ বছর পিছিয়ে দিয়েছিল, তাদের মোকাবিলা করতে যাচ্ছি। ঢাকা জেলা আওয়ামী লীগ মোকাবিলা করবে দেশবিরোধী শক্তিকে। তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে হয়তো দ্রব্যমূল্য কিছুটা বেড়েছে। লোডশেডিং হচ্ছে কিন্তু ডিসেম্বরের মধ্যেই লোডশেডিংয়ের সংকট দূর হবে।
কেন্দ্রীয় আ.লীগের সদস্য আনোয়ার হোসেন বলেন, বিএনপি যদি কোনো অরজকতা করে, হামলা করে, তাহলে পাল্টা হামলা করা হবে। ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশেষ অতিথি সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম; আ ফ ম বাহাউদ্দিন নাছিম; বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।
ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল। শনিবার আবার ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ২টা ২৫ মিনিটে দলীয় পতাকা ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করা হয়। দোহার, সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ উপজেলা নিয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের ইউনিট গঠিত। দলীয় প্রতীক নৌকার আদলে তৈরি মঞ্চকে ঘিরে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হতে থাকেন নেতাকর্মী ও সমর্থকরা। এসেছেন জেলার শীর্ষ পর্যায়ের নেতারাও। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। প্রধান অতিথি হিসেবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যোগ দেন।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি পদে কোনো পরিবর্তন আসেনি। বেনজির আহমেদই সভাপতি নির্বাচিত হয়েছেন। তবে পরিবর্তন এসেছে সাধারণ সম্পাদক পদে। পনিরুজ্জামান তরুণকে সাধারণ সম্পাদক করে ঢাকা জেলা আওয়ামী লীগের দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বেনজির আহমদ দেশের একজন রাজনীতিবিদ ও ব্যবসায়ী। তিনি আওয়ামী লীগের ঢাকা জেলার সভাপতির দায়িত্বে ছিলেন। ২০১৮ সালে ঢাকা-২০ আসন থেকে একাদশ জাতীয় সংসদে সদস্য নির্বাচিত হন তিনি। এছাড়া একাধিকবার বায়রার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার সন্তান পনিরুজ্জামান তরুণ। তিনি ১৯৮৮ সালে ছাত্রলীগ দিয়ে রাজনীতিতে আসেন। ১৯৯১-৯২ সালে নবাবগঞ্জ থানা ছাত্রলীগ, ১৯৯৮ সালে ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি, ২০০২ সালে কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হন। সর্বশেষ ২০১৬ সালে ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
লাল-নীল পতাকায় ছেয়ে ফেলা হয় সম্মেলনস্থল। কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানিয়ে তৈরি করা হয় অসংখ্য তোরণ। সম্মেলনকে ঘিরে রাজধানীতে সাজ সাজ রব দেখা যায়। ঢাকা জেলার এই ৫ উপজেলার নেতাকর্মীরা দলে দলে যোগ দেন জেলা আওয়ামী লীগের সম্মেলনে। প্রতিটি মিছিলে নেতাকর্মীদের ঢল নামে। সম্মেলনে লাখো লাখো মানুষ জমায়েত করে। বিএনপির সাম্প্রতিক সমাবেশগুলোর জবাব দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদকে সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট ঢাকা জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।
‘আওয়ামী লীগ আগের চেয়ে অনেক শক্তিশালী’ বলে মন্তব্য করেছেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ। তিনি বলেন, সম্মেলনের সফলতা নিয়ে কোনো সমস্যা নেই। চারদিক থেকে হাজার হাজার লোক আসা শুরু হয়ে গেছে। ইতোমধ্যেই আমরা খবর পাচ্ছি, এই মাঠে লাখো মানুষের একটা সমাবেশ ঘটবে। এখান থেকে একটা বার্তা এইটাই, বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল।
বেনজির আহমেদ বলেন, এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক উন্নয়ন হচ্ছে, সেই কারণেই সবাই আমাদের এ সম্মেলনকে সফল করছেন। কোনো অপশক্তি যেন মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, সেটা জানিয়ে দেওয়াই হলো আমাদের সম্মেলনের মূল উদ্দেশ্য। আওয়ামী লীগ এখন আগের চেয়ে অনেক অনেক শক্তিশালী। আওয়ামী লীগ এখনও মাঠে আছে। যেকোনো ধ্বংসাত্মক কর্মসূচি আমরা মোকাবিলা করতে প্রস্তুত আছি।








