স্টাফ রিপোর্টার : যে দেশের মানুষের জন্য বঙ্গবন্ধু সারা জীবন উৎসর্গকরল, সেই বাঙালির হাতেই স্বপরিবারে জীবন দিতে হল। এ ঘটনা জাতীয় জীবনের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়। জাতির পিতাকে হত্যা করে দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলেছিলো, তারা যেন আর ক্ষমতায় আসতে না পারে সেদিকে দেশবাসীকে নজর রাখতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাথে বিএনপি নেতাদের হাতেই হারিকেন ধরিয়ে দিতে হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার কৃষকলীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্ত ও প্লাজমাদান কর্মসূচিতে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
‘বিএনপি নেতাদের হাতেই হারিকেন ধরিয়ে দিতে হবে’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদ্যুৎ সাশ্রয় করা মানেই লুটপাট নয়। যারা লুটপাটের কথা বলে হাতে হারিকেন নিয়ে আন্দোলন করছে সেই বিএনপি নেতাদের হাতেই হারিকেন ধরিয়ে দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘২০০১ সালে মানুষ ভোট দিতে পারিনি। তারা ক্ষমতায় আসার পর যেসব নির্বাচন হয়েছে সেখানেও মানুষ ভোট দিতে পারেনি। বিএনপির সন্ত্রাসীরা সিল মারবে, বাক্স ভরবে— এটাই ছিল নীতি। বিএনপির আমলে মানুষের ভোটের অধিকার ছিল না।’ তিনি বলেন, ‘প্রকৃত গণতন্ত্র থাকলে দেশ কত এগিয়ে যায়, বাংলাদেশ আজ তার উদাহরণ। আওয়ামী লীগ এর বাস্তবায়ন করেছে।’
শোকসভা অনুষ্ঠানে জনসংখ্যা নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের জনসংখ্যা এখন সাড়ে ১৬ কোটি। এই জনসংখ্যার হিসেবও কারো কারো পছন্দ হয় না। কেন? তাহলে তারা নিজেরাই সন্তান জন্ম দিক, আমরা খাবার দেবো। আমরা চাই, প্রতিটি পরিবার সুখী সমৃদ্ধ হবে। আমরা সে কাজটি করে যাচ্ছি।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘জাতির পিতাকে হত্যা করে দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল। ভবিষ্যতে যেন আর কেউ এমন ছিনিমিনি খেলতে না পারে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের আত্মনির্ভরশীল হতে হবে। কারো এক ইঞ্চি জমিও যেন খালি পড়ে না থাকে। বর্ডার গার্ড ও পুলিশ থেকে শুরু করে সবাইকে নির্দেশনা দিয়েছি; যেখানে যতটুকু জমি আছে, যেন খাদ্য উৎপাদন করা হয়।’
কৃষকলীগের সভাপতি সমীর চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ও ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ অন্যান্যরা।








